ভেজাল মদ পানে প্রকৌশলীর মৃত্যু, অসুস্থ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভেজাল মদ পান করে এক তরুণ মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নে।ফরিদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটা থেকে তিনটার মধ্যে মদ পান করে অসুস্থ হয়ে মেরিন ইঞ্জিনিয়ার রেজাউল করিম (৩০) ও বিজন বিশ্বাস (২৭) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রেজাউল বুধবার সকাল আটটার দিকে মারা যান।সকালে জেনারেল হাসপাতালে ইকবাল (২৮), মাসুদ (২৭), মিশু মণ্ডল (২০), দেলোয়ার (২৮), ইকবাল-২ (২৬), লিটন (২৬), আবদুল কাদের (২৫) ও মিজান (২৬) চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে লিটনকে ঢাকায় এবং ইকবাল-২ ও মাসুদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।রেজাউল করিমের বাড়ি সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ইয়াছিন শেখের ডাঙ্গি গ্রামে। তিনি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কুমিল্লায় কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এলে স্থানীয় বন্ধুরা সোমবার তাঁর কাছে মদ পান করতে চাইলে তিনি রাজি হন। তাঁরা সিঅ্যান্ডবি ঘাট এলাকার সানাউল্লাহর দোকান থেকে মদ কেনেন এবং ১০ জন মিলে স্থানীয় আল-আরাফা কিন্ডারগার্টেনের মাঠে বসে মঙ্গলবার দিবাগত রাতে মদ পান করেন।মঙ্গলবার সকালে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওবায়দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, মদের সঙ্গে মেথিলেটেড স্পিরিট ও ঘুমের ট্যাবলেট দুই-ই মেশানো হয়েছিল।