ভেজাল মবিল কারখানার সন্ধান, মালামাল জব্দ
মৌলভীবাজার সদর উপজেলায় ভেজাল মবিল তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানাটি থেকে একটি ব্যক্তিগত গাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ।
কারখানা থেকে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ সদর উপজেলার পশ্চিম মোস্তফাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পায়। এ সময় পুলিশ কারখানাটি থেকে মবিল তৈরির রং, পুরোনো মবিল, মবিল রাখার বিভিন্ন আকারের ড্রাম, নকল স্টিকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করে। ঘটনাস্থল থেকে বাবুল হোসেন ও গাড়িচালক বাবুল মিয়া নামে দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিদেশি নামীদামি মবিল কোম্পানির নকল স্টিকার লাগিয়ে ভেজাল মবিল বিক্রি করে আসছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, বছর খানেক ধরে এরা ভেজাল ও অবৈধ মবিল তৈরি করে বিভিন্ন নামীদামি কোম্পানির স্টিকার লাগিয়ে বিক্রি করছে।