ভেজাল মবিল তৈরির কারখানার সন্ধান একজনের দণ্ড
রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের জালদিয়া বাজারে ভেজাল মবিল তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ রাজবাড়ী ক্যাম্পের কর্মকর্তা জ্যেষ্ঠ এএসপি মারুফ হুসাইন প্রথম আলোকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জালদিয়া বাজারে আরিফুজ্জামান ও আবদুস সালামের মালিকানাধীন একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির প্লাস্টিকের ক্যান এবং বোতলভর্তি এক হাজার লিটার ভেজাল মবিল উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা কারখানার ব্যবস্থাপক মাজেদ সরদারকে (৩৫) গ্রেপ্তার, ২০টি খালি তেলের ব্যারেলসহ বেশ কিছু মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধার করা মবিলের মূল্য প্রায় তিন লাখ টাকা।গতকাল রোববার র্যাব ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল আরিফ এক রায়ে মাজেদ সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। মাজেদ সুলতানপুরের জালদিয়া গ্রামের হাচেন সরদারের ছেলে।র্যাবের জিজ্ঞাসাবাদে মাজেদ জানান, আরিফুজ্জামান ও আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ভেজাল মবিল তৈরীর কাজ চালিয়ে আসছেন।