ভেজাল মবিল বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও নকল মবিল তৈরি এবং বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার পাঁচ প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০-এর একটি দল গতকাল বিকেলে সোয়ারীঘাট এলাকার চম্পাটুলি লেনে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান ব্যবহৃত মবিল ও ভেজাল রাসায়নিক মিশিয়ে নামকরা প্রতিষ্ঠানের নামে নকল মবিল তৈরি করছে প্রতিষ্ঠানগুলো। পরে তা সারা দেশে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেন। খান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজের মালিক ও ব্যবস্থাপক পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, জরিমানা করা প্রভাতি এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজ, মধুমতি ট্রেডার্স, খান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজের কর্মীরা জিজ্ঞাসাবাদে ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, বাজারে নকল মবিলের চাহিদা খুব বেশি। কারণ, অনেক গাড়িচালক মালিকের কাছ থেকে আসল মবিলের দাম নিয়ে নকল মবিল কিনে টাকা আত্মসাৎ করেন। ভেজাল মবিল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন দ্রুত বিকল হয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ভাষ্যমতে, বাজারের প্রায় ৫০ ভাগ মবিল ভেজালযুক্ত ও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি। তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে আরও জানান, দেশে নকল, ভেজাল মবিল তৈরি ও বাজারজাত করার একটি চক্র গড়ে উঠেছে। এসব ভেজাল ও নকল মবিলের ক্যান দেখতে হুবহু আসল ক্যানের মতো। সাধারণ ক্রেতাদের বোঝার উপায় থাকে না যে এগুলো নকল। প্রকৃত ক্যানের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা কম দামে বিক্রি হওয়ায় খুচরা ব্যবসায়ীরাও এ ধরনের নকল মবিল কিনতে বেশি আগ্রহী।