ভেজাল মরিচের গুঁড়ার গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভেজাল মরিচের গুঁড়ার একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রথখোলা মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ নিজেই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রথখোলায় খোকন হাওলাদারের গুদামে অভিযান চালানো হয়। অভিযানকালে গুদাম থেকে ২০ বস্তা (প্রতি বস্তা ৬০ কেজি করে) ইটের গুঁড়া, পাঁচ বস্তা কাঠের গুঁড়া, নষ্ট মরিচ ২০ বস্তা, ভেজাল মরিচের গুঁড়া ১০ বস্তা ও ১০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক বলেন, ‘ভেজাল কারখানার মালিক পালিয়ে যাওয়ায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।’ অভিযানকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মকবুল হোসেন উপস্থিত ছিলেন।পলিথিন বিক্রির দায়ে জরিমানা: এদিকে গতকাল বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত শহরের তিতুমীর বাজার ও টেপাখোলা বাজারে অভিযান চালিয়ে পাঁচজন পলিথিন বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে তিতুমীর বাজারের শ্যামল কুমার সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া শহরের টেপাখোলা বাজারের মুদি ব্যবসায়ী সুকুমার সাহা, মুন্সী মো. আলাউদ্দীন, সুবল সাহা ও মুকুল সাহাকে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এখানেও জেলা প্রশাসক ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।