ভেজাল মসলা তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ভেজাল গুঁড়া মসলা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল বুধবার র‌্যাবের একটি দল নগরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মোড়ের নুর পোলট্রি অ্যান্ড ফিশ ফিড কমপেক্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল (কাঠের গুঁড়া) মেশানো হলুদ ও মরিচের গুঁড়া উদ্ধার করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজী মো. নুর ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।একই দিন ভ্রাম্যমাণ আদালত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে নগরের জোড়া গেটে অবস্থিত বিসমিল্লাহ বেকারি থেকে ২০ হাজার টাকা ও শাহ বেকারি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। খুলনার নির্বাহী হাকিম মিনারা নাজনীনের নেতৃত্বে আদালতের সঙ্গে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. জহুরুল হক উপস্থিত থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন।নির্বাহী হাকিম মিনারা নাজনীন জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে।আমাদের পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত মো. রফিক পৃথক অভিযানে দোকানে মূল্যতালিকা না ঝোলানো, উন্মুক্ত ও মেয়াদোত্তীর্ণ বাসি খাবার বিক্রি করার অভিযোগে এসব জরিমানা আদায় করেন।