ভেজাল মেশানো ৮৪০ কেজি চিংড়ি জব্দ
খুলনার ফুলতলা উপজেলায় ভেজাল মেশানো ৮৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। গত রোববার রাতে ফুলতলা বাসস্ট্যান্ডে মৎস্য অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক থেকে ওই চিংড়ি জব্দ করে।র্যাব সূত্রে জানা গেছে, ফুলতলার জামিরা বাজারের মৎস্য ব্যবসায়ী কবির মোল্লা (৪০) ও আবজাল হোসেন (৩৫) একটি ট্রাকে করে জেলি-জাতীয় পদার্থ মেশানো ২৯ ঝুড়ি চিংড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। খবর পেয়ে ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। সেখানে সব চিংড়ি পরীক্ষা করে দেখা যায়, ২১ ঝুড়ির ৮৪০ কেজিতে জেলি-জাতীয় পদার্থ ঢোকানো (পুশ) হয়েছে। পরে ওই দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চিংড়িগুলো ভৈরব নদে ফেলে দেওয়া হয়।র্যাব-৬-এর পরিদর্শক খন্দকার হোসেন আহমেদ বলেন, জেলি-জাতীয় পদার্থ পানির সঙ্গে মিশিয়ে চিংড়ির মধ্যে ঢুকিয়ে ওজন বাড়ানো হয়েছিল। দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা এ কাজ করছেন। এ ধরনের কাজ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।