ভেজাল লিচু ড্রিংকস কারখানার মালামাল জব্দ, মালিকেরদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু ড্রিংকস নামে ভেজাল পানীয় তৈরি ও অনুমোদনহীন কারখানা চালানোর দায়ে মৌলভীবাজারে গতকাল সোমবার এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় কারখানাটির মালামাল জব্দ করা হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে মৌলভীবাজারের রঘুনন্দনপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রিয়েল লিচু ড্রিংকস নামে অনুমোদনহীন একটি কারখানার সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে পানীয় তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক বেলাল আহমদকে আটক করা হয়। কারখানার মালিক পানীয় তৈরির অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় কর্মরত ছয় নারী শ্রমিক মুচলেকা দিয়ে ছাড়া পান।

নুরুল হুদা বলেন, ‘নামে লিচু ড্রিংকস হলেও এর মধ্যে লিচুর কোনো অস্তিত্ব নেই। ড্রামে পানি ভরে তাতে স্যাকারিন ও বিভিন্ন ধরনের ক্যামিকেলস মিশিয়ে ড্রিংকস তৈরি করা হচ্ছিল।’