ভেজাল শিশুখাদ্য জব্দ, কারখানার মালিককে দণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়েছে। কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত কারখানার মালিক মানিকগঞ্জের দৌলতপুর থানার নাটোয়াবাড়ির শিফাত মিয়ার ছেলে শুভরাজ মিয়া (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীফলতলী এলাকায় সফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে শুভরাজ অনেক দিন ধরে ভেজাল শিশুখাদ্য তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভাই ভাই লিমিটেড নামের শুভরাজের সেই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। কালিয়াকৈর থানার পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল কবীর এই অভিযান চালান। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। শুভরাজ পালানোর চেষ্টা করে ধরা পড়েন। পুলিশ জব্দ করা ভেজাল পণ্য ধ্বংস করে। ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন। তাঁকে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।