ভেজাল সন্দেহে এমওপি সার বিক্রি বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরবরাহ করা মিউরেট অব পটাশ (এমওপি) সার ভেজাল সন্দেহে গতকাল মঙ্গলবার থেকে বিক্রি ও বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টির জন্য তদন্ত কমিটি গঠন ও এমওপির রাসায়নিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) জানিয়েছেন।রাসায়নিক পরীক্ষায় ভেজাল প্রমাণিত হলে আমদানি করা এই বিদেশি সার সম্পর্কে আরও তদন্ত করা দরকার হবে। মাটি ও ফসলের জন্য ক্ষতিকারক কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন বলে কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।জেলা পরিষদে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ বড়ুয়া বলেন, গত সপ্তাহে তাঁরা পরিষদ প্রাঙ্গণের বাগানের জন্য সাত বস্তা এমওপি সার নিয়েছেন। সার প্রয়োগের পর মাটির ওপর এক ধরনের লাল রঙের প্রলেপ পড়ছে। মাটির প্রকৃতিও শক্ত হয়ে উঠেছে এবং বাগানের গাছগুলো বেড়ে ওঠা স্তিমিত হয়ে পড়ছে। পানিতে দ্রবীভূত করে দেখা গেছে, এক ইঞ্চি পুরু লাল রঙের একটি প্রলেপ তৈরি হচ্ছে। সচরাচর ভেজাল না হলে এমওপি সারে এ রকম হওয়ার কথা নয় বলে তিনি মন্তব্য করেন। প্রদীপ বড়ুয়া আরও বলেন, এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। পরে তিনি কৃষিবিদদের সঙ্গে আলাপ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি আবুল কালামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আবুল কালাম তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, সাময়িকভাবে এমওপি সার বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার জন্য ডিলার ও বিএডিসিকে বলা হয়েছে। রাসায়নিক পরীক্ষার জন্য চট্টগ্রামের পরীক্ষাগারে এমওপির নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল পাওয়া গেলে ভেজাল কি না, তা জানা যাবে। ভেজাল প্রমাণিত না হলে ওই সার বিক্রয় ও বিতরণ করা হবে। আর ভেজাল হলে আরও ব্যাপক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে জেলার ডিলারদের কাছে সরবরাহ করা ৩০ টন ও বিএডিসির গুদামে ১৩০ টন এমওপি সার রয়েছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিএডিসির উপপরিচালক দীপক দাশ বলেন, তিন মাস ধরে বান্দরবানের বিএডিসির গুদাম থেকে জেলার ২৮ জন ডিলারকে এমওপিসহ বিভিন্ন সার কৃষকদের বিতরণের জন্য সরবরাহ করা হচ্ছে। বেলজিয়াম ও জার্মানি থেকে আমদানি করা এমওপি সার চট্টগ্রামের সরবরাহ গুদাম (ট্রানজিট গোডাউন) থেকে সংগ্রহের সময় ভেজাল হওয়ার কোনো সুযোগ নেই। সারের গঠনপ্রকৃতির উপাদানের কারণে লাল রঙের প্রলেপ পড়তে পারে বলে তিনি জানান।