ভেজাল সার ও কীটনাশক কারখানার সন্ধান
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে জাহাঙ্গীর আলী মুন্সীর বাড়িতে ভেজাল সার ও কীটনাশকের কারখানার সন্ধান পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত গত সোমবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পান। জাহাঙ্গীর আলী মুন্সী যদুপুর গ্রামের হাসেম আলী মুন্সীর ছেলে এবং বালিয়াকান্দি বাজারের সার ও কীটনাশকের খুচরা বিক্রেতা। সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের নেতৃত্বে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম সামদানী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বালু, ধানের কুড়া, ছাই, পাথরসহ বিভিন্ন উপকরণ দিয়ে নকল সার ও কীটনাশক তৈরি করতেন। তিনি এসব সার ও কীটনাশক রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, ফরিদপুরের মধুখালী, মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল মোড়কে থাকা ভেজাল সার, কীটনাশক এবং এগুলো তৈরির বিভিন্ন উপকরণ, খালি মোড়ক, ডিজিটাল পরিমাপক যন্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আদালতের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলীসহ অন্যরা পালিয়ে যান। তবে জাহাঙ্গীর তাঁর বাড়ির যে ঘরটিতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করতেন, সেটি সিলগালা করে দিয়েছেন আদালত।
ইউএনও জানান, ভেজাল সার ও কীটনাশক তৈরির অভিযোগে জাহাঙ্গীর আলী মুন্সী, তাঁর বাবা হাসেম আলী মুন্সী, স্ত্রী রিনা বেগম ও ব্যবসায়ী অংশীদার মুরাদ আলী মণ্ডলের নামে মামলা করা হয়েছে। প্রায় সাত মাস আগে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম সামদানী বালিয়াকান্দি বাজারে অবস্থিত জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে ভেজাল সার জব্দ করেন।