ভেজাল সার কারখানার সন্ধান, দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় ভেজাল সার তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল মিশ্র জৈব সার ও সার তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে আদালত শহরের শ্রীরামপুর এলাকার একটি সুরক্ষিত বাড়িতে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পান। এ সময় কারখানা থেকে মিশ্র জৈব সার নামে ১৪১ বস্তা ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডাই অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ), একটি মিকচার মেশিন, একটি ওজন মেশিন, একটি বস্তা সেলাই মেশিন, কালো রং ২০ কেজি, জিআরপি পাউডার ১৬৫ কেজি এবং মিশ্র জৈব সারের শাপলা মনোগ্রামের একটি নেট আটক করা হয়। প্রতিটি বস্তায় (৫০ কেজি) এম আর এগ্রো ফার্টিলাইজার লেখা রয়েছে।আদালত তাৎক্ষণিকভাবে ওই কারখানার ব্যবস্থাপক জয়নাল আবেদীনকে (৩০) দুই মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া কারখানার শ্রমিক মশিয়ার রহমানকে (৪০) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজনের বাড়ি যশোর সদর থানার ভাগলপুর এলাকায়।দণ্ডপ্রাপ্ত ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, স্থানীয় মিন্টু নামের একজনের কাছ থেকে এই বাড়ি ভাড়া নিয়েছেন বগুড়ার মাটিডালী এলাকার মো. দোলন। দোলন এই কারখানার মালিক এবং উৎপাদিত সার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে বাড়ির মালিক মিন্টু বলেন, ‘বগুড়ার দোলন ও জয়নাল আমার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছেন। তবে ওই বাড়িতে কী হচ্ছে, তা আমার জানা নেই।’ উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বলেন, ‘উদ্ধার করা টিএসপি ও ড্যাপ আসলে সার নয়। মেশিন দিয়ে মাটি গুঁড়া করে ও পরে তা দানা বানিয়ে, রং মিশিয়ে এগুলো তৈরি করা হয়েছে। কৃষকদের সঙ্গে প্রতারণা করার জন্য গোপনে সুরক্ষিত বাড়িতে এসব তৈরি করা হচ্ছিল। এগুলো কিনে কৃষকেরা জমিতে দিলে ফসলের ক্ষতি হবে।’