ভেজাল সার ধ্বংস
যশোর সদর উপজেলার তেঁতুলতলা ও উপশহর এলাকার দুটি অনুমোদিত সার কারখানার উৎপাদিত ৪০ মেট্রিক টন ভেজাল সার ও সার তৈরির উপকরণ দুই দিনে ধ্বংস করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে লেবুতলা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার মেসার্স সুফলন এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে উৎপাদিত প্রায় ২০ মেট্রিক টন দস্তা সার ও সার তৈরির উপকরণ ডোবার পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা সারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট (৪১০০ কিলোগ্রাম), সোডিয়াম সালফেট (২৫৫০ কেজি), ডলোমাইট পাউডার (১৪৫০ কেজি), আরএসএ পাউডার (২০০০ কেজি), চায়না মনোজিংক (৮২৭০ কেজি) ও জিংক সালফেট হেপ্টা (১৪০০ কেজি)।কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি ভেজালবিরোধী অভিযানের সময় প্রাথমিকভাবে ভেজাল প্রমাণিত হওয়ায় উৎপাদিত সার ও সার তৈরির উপকরণ জব্দ করে গুদামে রেখে সিলগালা করা হয়। পরে জব্দ করা সারের নমুনা যশোর মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগারে পাঠানো হয়। গবেষণার প্রতিবেদনে উৎপাদিত সার নিম্নমানের প্রমাণিত হওয়ায় তা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার কামরুল আহসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্রনাথ মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক তফিজ উদ্দীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সার পরিদর্শক জি এম আবদুর রউফ প্রমুখ। এ ব্যাপারে মেসার্স সুফলন এগ্রো কেমিক্যালের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সত্যি কথা বলেতে, আমি রাজনীতির শিকার। নিবন্ধনের শর্ত অনুযায়ী দস্তা সার উৎপাদনের সময় জিংকের (ফল পুষ্টকারী উপাদান) পরিমাণ ২১ শতাংশ থাকার কথা, সেখানে কিছুটা কম ছিল। এই সার মাটির জন্যে ক্ষতিকর নয়। হয়তো ফলন কিছুটা কম হতে পারে।’এর আগে গত মঙ্গলবার উপশহর এলাকার সাউদার্ন এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ২০ মেট্রিক টন ভেজাল সার ও উপকরণ মাটিতে পুতে ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীনা আকতার।এ ব্যাপারে সার পরিদর্শক কৃষি কর্মকর্তা জি এম আবদুর রউফ বলেন, ‘প্রথমবার বলে উৎপাদিত পণ্য ধ্বংস করে মহাসতর্ক করা হলো। পরেরবার হলে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’