ভেজাল সার বিক্রির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের বিশালপুর বাজারে খুচরা সার বিক্রেতা নির্মল সরকারের দোকান থেকে ভেজাল সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ভেজাল সার বিক্রির প্রতিবাদে গত সোমবার দুপুরে ওই এলাকার কৃষকেরা তাঁর দোকানের সামনে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিশালপুর গ্রামের কৃষক আব্দুল বারী জানান, সপ্তাহখানেক আগে তিনি নির্মল সরকারের দোকান থেকে টিএসপি, পটাশ, জিপসাম ও ইউরিয়া মিলে ২৩ বস্তা সার ক্রয় করেন। সোমবার জমিতে দেওয়ার জন্য ওই সারের মধ্য থেকে টিএসপি সারের একটি বস্তা খুললে তাতে ইটের গুঁড়া মিশ্রিত পাওয়া যায়। ওই দিনই নির্মলের দোকান থেকে তিনি আরও এক বস্তা টিএসপি সার কিনলে তাতেও ভেজাল দেখা যায়। এ ঘটনা বিশালপুরসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে শ-দুয়েক কৃষক ওই দোকানের সামনে এসে ভেজাল সার বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন। সার বিক্রেতা নির্মল সরকার বলেন, তাঁর বিক্রীত সার ভেজাল নয়। এলাকার কৃষকেরা তাঁর কাছ থেকে সার কিনে প্রতারিত হওয়ার অভিযোগ সত্য নয়।