‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ভেজাল সার গছিয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা মিজান প্রায় ২১ লাখ টাকা নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়। গতকাল রোববার স্থানীয় ব্যবসায়ী মো. ওমর ফারুক চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। এতে এসপি মিজান ছাড়া আরও চারজনকে আসামি করা হয়।মহানগর হাকিম আজিজুল হক গতকাল অভিযোগ তদন্ত করে পুলিশের উপকমিশনারকে (উত্তর) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অন্য চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা মিজানের স্ত্রী নিতা মিজান, ভাই টিটু, ইমাম হোসেন ও মহিদুল ইসলাম। গত বছরের ১৭ সেপ্টেম্বর, ১৯ ও ২৫ অক্টোবর তিন কিস্তিতে টাকা নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।মামলার আরজিতে উল্লেখ করা হয়, এসপি মিজানের স্ত্রীর মালিকানাধীন একটি সার কারখানা আছে। ওই কারখানা থেকে চট্টগ্রামের ব্যবসায়ী ওমর ফারুকের কাছে সার সরবরাহ করা হতো। ওই কারখানায় ভেজাল সার উত্পাদিত হতো। এতে বলা হয়, ঢাকার ডেমরার রায়েরবাগ এলাকার মেসার্স মোল্লা এনপিকেএস কোং নামের এই ভেজাল সার কারখানাটির অবস্থান।