ভেজাল ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরির কারখানা সিলগালা
ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মহল্লায় অভিযান চালিয়ে স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি ভেজাল ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। উৎপাদিত পণ্য ও পণ্য তৈরির কাঁচামালসহ কারখানাটি সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।নির্বাহী হাকিম তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে আদালত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ওই কারখানায় অভিযান চালান। অভিযানের খবর পেয়ে কোম্পানির ব্যবস্থাপক রনি আহমেদসহ অন্যরা দ্রুত সটকে পড়েন। অভিযানকালে সেখানে প্লাস্টিকের বয়াম, কৌটা ও বোতলভর্তি পণ্য এবং কাঁচামাল উদ্ধার করা হয়। তৈরি পণ্যের পাত্রগুলোর মোড়কে সেগুলো ‘ফুড সাপ্লিমেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে সুপার প্রোটিন, ফরটিফাইড সয়া প্রোটিন, কার্ডিওমেট, গ্লুকো কেয়ার, বেবি শেক, ফরটিফাইড সয়ামম, মিরাকল বায়ো প্রোটিন সুপ মিক্স, ভাইটাল পাওয়ার-২০০০, ফ্লাক্সসিড অয়েল, ত্রিফলা ও ব্লাক সিড অয়েল। মোড়কে এসব পণ্য সব বয়সী মানুষের বিভিন্ন অসুখ-বিসুখ ও শক্তি বৃদ্ধিতে ব্যবহারের নির্দেশনা দেওয়া রয়েছে।কোম্পানির সুপারভাইজার কাজি নওশাদ জানান, পণ্যের কাঁচামালের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় সয়াবিন পাউডার। এ ছাড়া যব, মুগ ডাল ও ইসবগুলের ভুসি ব্যবহার করা হয়। কোম্পানিতে কোনো কেমিস্ট নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতি সপ্তাহে এক ট্রাক করে পণ্য ঢাকায় পাঠানো হয়। এরপর সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে।এক বছর আগেও একবার ভ্রাম্যমাণ আদালত এ কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।