ভেজালবিরোধী অভিযান নিয়মিত, জোরদার ও বিস্তৃত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। তারা খাদ্য ও পানীয়র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) শক্তিশালী করা, খাদ্যের আদর্শমান নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র কমিশন গঠন এবং জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে উন্নতমানের পরীক্ষাগার স্থাপনের দাবিও জানায়। গতকাল শুক্রবার আয়োজিত সমাবেশ, ট্রাক শোভাযাত্রা ও প্রচারপত্র বিতরণকালে এসব দাবি জানায় বাপা। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করার দাবিতে বাপা সকালে মোহাম্মদপুর বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে কারওয়ান বাজার হয়ে শাহবাগ গিয়ে সমাবেশ করে। সেখান থেকে ট্রাকযোগে নিউমার্কেট, আজিমপুর, পলাশী, চকবাজার, গুলিস্তান, খিলগাঁও তালতলা বাজার এলাকায় গিয়ে সমাবেশ ও প্রচারপত্র বিতরণ করা হয়।সমাবেশে বক্তারা বলেন, ইফতারিসহ সব খাদ্যে চটকদার রং ব্যবহার নিষিদ্ধ এবং খোলাপাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি ও পানীয় বিক্রি বন্ধ করতে হবে। খাদ্যনিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ও ব্যবসাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতকরণ, ভেজাল খাদ্য সম্পর্কে অভিযোগ জানাতে সরকারি অভিযোগ কেন্দ্র গঠন, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন মোড়কজাত খাদ্য বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বক্তারা ভোক্তা অধিকার আইন সংশোধন করে অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান।সমাবেশে বক্তারা বলেন, ভালো-মন্দ না জেনে ভেজাল খাবার খেয়ে অনেকে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। রমজান মাসে মানুষ বাইরের খাবার বেশি খায়। বাজারেও ইফতারিতে ভেজাল দেওয়ার প্রবণতা বাড়ে। ভেজাল প্রতিরোধে ভোক্তাদের ঐক্যবদ্ধ ও সচেতন হওয়া দরকার। বাপার নিরাপদ খাদ্য, পানীয় ও ভোক্তা অধিকার কর্মসূচি কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান। এ ছাড়া ক্যাটস বাংলাদেশ, সেবা, পিস, সিটিজেন রাইটস মুভমেন্ট, গ্রিন ভয়েজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।