বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযোগ করেছে, তাদের ভেজালবিরোধী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বিএসটিআইয়ের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ করা হয়।জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। বৈঠকে কমিটি হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। তবে কমিটি হুমকিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি। বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সারা দেশে সারের সরবরাহ, বিতরণ ও আমদানির বাস্তব অবস্থা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। সাত লাখ মেট্রিক টনের বেশি সার মজুদ রয়েছে। বৈঠকে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বর্তমানে মাগুরা পেপার মিলের এমডি জহিরুল হককে ওএসডি করার সুপারিশ করা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কারখানার শ্রমিকদের ২০০৯ সালে সরকারি বেতন স্কেল ঘোষণার তারিখ থেকে ওয়েজ বোর্ড বাস্তবায়নের সুপারিশ করা হয়।কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, আলী আজগার ও সুলতানা বুলবুল অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।