ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতের দাবিতে প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালমুক্ত নিরাপদ খাবার নিশ্চিত করাসহ আট দফা দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি স্থানে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েস। গতকাল সকাল ১০টার দিকে বাপা ও গ্রিন ভয়েস যৌথভাবে মোহাম্মদপুর টাউন হলে গণসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শুরু করে। পরে কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও নিউমার্কেট এলাকায় বিতরণ শেষ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এ সময় বেসরকারি এই দুই সংস্থার কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। তাঁরা রাসায়নিক রং, ফরমালিন ও কেমিক্যালযুক্ত খাবার এবং পানীয় উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ ছাড়া ভেজালযুক্ত, বাসি, পচা, ধুলা ও ময়লাযুক্ত খাবার বিক্রি বন্ধ, ভেজালবিরোধী অভিযান নিয়মিত, জোরদার ও বিস্তৃত করা, ভোক্তা সংরক্ষণ আইন কার্যকর, খাদ্যের মান নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক কমিশন গঠন, জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে উচ্চমানের পরীক্ষাগার স্থাপন, ভেজাল খাদ্যসম্পর্কিত অভিযোগের জন্য সরকারি অভিযোগকেন্দ্র গঠন, এ বিষয়ে জনগণকে সচেতন করতে সরকারি উদ্যোগে গণমাধ্যমে প্রচার নিশ্চিত করার দাবি জানানো হয়।