ভেজালমুক্ত মসলা পেতে...
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ভেজালমুক্ত হলুদ-মরিচের গুঁড়া বিক্রি শুরু হয়েছে। শহর ও গ্রামের মানুষ এসব মসলা কিনতে ভিড় জমাচ্ছেন। অনেকে আবার বাড়িতে মরিচ ও হলুদ শুকিয়ে মেশিনে ভাঙিয়ে নিয়ে যাচ্ছেন। উপজেলার ধারাবারিষা গ্রামে এমন ভ্রাম্যমাণ দুটি মসলার কলের দেখা মিলেছে।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ধারাবারিষা বাজারসংলগ্ন সড়কের পাশে শফিকুল ইসলাম ও আয়ুব আলী নামে দুই ব্যক্তি ১৫ দিন আগে দুটি ভ্রাম্যমাণ মসলার কল বসান। শ্যালোইঞ্জিনচালিত যন্ত্রে মরিচ ২০ টাকা আর হলুদ ১৫ টাকা কেজি দরে ভাঙানো যাচ্ছে। আবার অনেকে দেখেশুনে এসব গুঁড়া কিনেও নিয়ে যাচ্ছেন।
ভ্রাম্যমাণ কলের মালিক শফিকুল ইসলাম বলেন, হাটবাজার ভেজাল ও নিম্নমানের মসলায় সয়লাব হয়ে গেছে। অনেকেই দোকান থেকে হলুদ-মরিচের গুঁড়া কিনে প্রতারিত হচ্ছেন। ঈদ সামনে রেখে তিনি মানুষের আস্থা ফেরানোর জন্যই এ কল বসিয়েছেন। এতে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী বিউটি বেগম। ভিড় এড়াতে তিনি একজন কর্মচারীও রেখেছেন।
বিউটি বেগম বলেন, ‘আসল মরিচ-হলুদ গুঁড়া বিক্রি করছি বলেই মানুষ এসব মসলা কিনতে বেশি আগ্রহী হচ্ছে।’
পাশের আয়ুব আলী বলেন, তিনি এত দিন রাইস মিলে গম আর চাল ভাঙাতেন। গ্রাহকের চাহিদার পরিপ্রেক্ষিতে পাশেই একটি পৃথক মেশিন বসিয়ে হলুদ ও মরিচ গুঁড়ার কাজটি করছেন। এতে তাঁর প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে।
স্কুলশিক্ষক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের মাংসের পরিপূর্ণ স্বাদ পেতেই তিনি বাড়িতে মরিচ-হলুদ শুকিয়ে মেশিনে ভাঙাতে এসেছেন। তাঁর মতো অনেকেই একই কাজ করছেন।
কলেজশিক্ষক মজিবুর রহমান বলেন, ব্যস্ততার কারণে তিনি এখান থেকে ৫০০ গ্রাম মরিচের গুঁড়া ৮০ টাকা এবং ৫০০ গ্রাম হলুদের গুঁড়া ৯০ টাকায় কিনেছেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম বলেন, বাজারের নিম্নমানের মসলা দীর্ঘদিন খাওয়ার ফলে মানুষের পাকস্থলীতে আলসার, ক্যানসার ও কিডনি খারাপ হওয়ার আশঙ্কা থাকে।