ভেজালের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বিভিন্ন অনিয়মের দায়ে গতকাল বুধবার রাজধানীতে চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এপিবিএন সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে দেখতে পান মেসার্স অ্যালিন সুয়েটারস নাম ব্যবহার করে কারখানার ভেতরে মেসার্স কেয়ার অ্যান্ড কিউর লিমিটেড ক্ষতিকারক ফেয়ারনেস ক্রিম, ফেসওয়াশ, শ্যাম্পু, হেয়ার স্পা ও বডি লোশন পণ্য তৈরি ও বাজারজাত করছে। মেসার্স আপনজন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে খাওয়ার অনুপযোগী বিস্কুট ও কেক তৈরি করছে। বিন্দু ফার্নিচার ও বি বাড়িয়া ফার্নিচারে অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। এসবের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) একটি দল ও বিএসটিআইয়ের কর্মকর্তারা অংশ নেন।