ভেজালের বাজারে খাঁটি মসলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালে ভেজালে বাজার সয়লাব। চালে ভেজাল, তেলে ভেজাল, দুধে ভেজাল, ভেজাল আছে মসলাতেও। সবকিছুতেই ভেজাল থাকায় বিক্রেতাদের ওপর থেকে আস্থা উঠে গেছে ক্রেতাদের। আস্থা ফেরাতে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক মসলা ব্যবসায়ী।ক্রেতাদের সামনেই হলুদ, মরিচ গুঁড়ো করে বিক্রি করছেন। শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির কাঠামোতে মাড়াইকল বসিয়ে কাজটি করছেন তিনি। ভ্রাম্যমাণ এই কল নিয়ে ঘুরে বেড়ান হাট থেকে হাটে।মানুষটির নাম ফজলুল হক (৩৪)। সবাই বাবু বলে ডাকে। বাড়ি ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে। প্রায় দেড় যুগ ধরে মসলার ব্যবসা করছেন। বগুড়ার পাইকারি মোকাম থেকে মসলা কিনে ক্রেতাদের কাছে বিক্রি করতেন। ক্রেতারা প্রায়ই অভিযোগ করতেন, ‘জিরায় ধুলা, হলুদে রং, গুঁড়া মরিচে ইটের গুঁড়া মেশানো।’ এসব শুনে মন খারাপ হয়ে যেত ফজলুলের। তিনি ভেজাল মেশাননি; মেশানো হতো পাইকারি মোকামে। অথচ দায়টা তাঁকেই নিতে হতো। এতে ফজলুলের ব্যবসায়িক সুনাম ও ব্যবসা দুটোই নষ্ট হতে বসেছিল।মসলা বিক্রির বিকল্প পথ খুঁজছিলেন তিনি। ভাবতে ভাবতে ভ্রাম্যমাণ মাড়াইকলের চিন্তাটা আসে তাঁর মাথায়। দেড় লাখ টাকা খরচ করে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে মাড়াইকল বসান।উদ্যোক্তা ফজলুল হক বলেন, ‘ক্রেতাদের আস্থা ফেরাতে চাষিদের কাছ থেকে ভালো মানের কাঁচা হলুদ ও শুকনা মরিচ সংগ্রহ করি। বাড়িতে এনে তা পরিষ্কার করে রোদে শুকাই। পরে ক্রেতাদের সামনেই ভাঙিয়ে সাশ্রয়ী দামে বিক্রি করি।’সম্প্রতি কালাই বাজারে গিয়ে দেখা গেছে, ক্রেতারা ফজলুলের ‘ভ্রাম্যমাণ মসলা মাড়াইকল’র সামনে লাইন ধরে মসলা কিনছেন। বাজারে প্রতি কেজি গুঁড়া মরিচের দাম ৩০০-৩২০ টাকা। কিন্তু ভ্রাম্যমাণ মাড়াইকলে ভাঙা প্রতি কেজি দেশি জাতের গুঁড়া মরিচ ২৮০ টাকা, আমদানি করা মরিচ থেকে ভাঙানো গুঁড়া মরিচ ২২০ টাকা দরে বিক্রি করছেন তিনি। বাজারে হলুদের কেজি ১৬০-১৮০ হলেও তিনি বিক্রি করছেন ১২০ টাকা দরে।ফজলুল জানান, প্রতি হাটে গড়ে তাঁর দেড় থেকে দুই মণ মসলা বিক্রি হয়। এতে হাজার দেড়েক টাকা লাভ হয়। মাড়াইকলে প্রতিদিন তিন-চারজন শ্রমিক খাটে। খাবার ছাড়াও ২০০ টাকা করে মজুরি দিতে হয় তাঁদের। লাভের টাকায় সংসার ছাড়াও দুই সন্তানের পড়ার খরচ চলে।কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘ভেজাল হলুদ, গুঁড়া মরিচ ও জিরায় সাধারণত রং, রাসায়নিক, ইটের গুঁড়া, আটাসহ ধুলাবালি মেশানো থাকে। এসব পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর। রং ও রাসায়নিক পদার্থ মানুষের কিডনি বিকল করে দিতে পারে।’