ভেজালের সঙ্গে আপস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বিশ্ব মান দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, খাবার ও ওষুধে ভেজাল দেওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আজ বুধবার চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, অষ্টাদশ শতকের শেষ দিকে এবং ঊনিশ শতকের প্রথম দিকে সারা বিশ্বে পণ্যের আদর্শ মান নির্ধারণের বিষয়টি অনুভূত হয়। ব্রিটেনে পণ্যের মান নির্ধারণের বিষয়টি সূচনা হয়। বর্তমানে বিশ্বের প্রত্যেক দেশেই পণ্যের মান নির্ধারণের জন্য সংস্থা আছে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাজারে থাকা বেশির ভাগ ওষুধের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে না। ওষুধের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা পর্যন্ত লেখা থাকে না। অনেক ক্ষেত্রে আটা-ময়দা দিয়েও ওষুধ তৈরি করা হচ্ছে। এসব ওষুধ জব্দ করতে চট্টগ্রামে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা ব্যাপকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ওষুধ ব্যবসায়ীরা সময় চেয়েছেন। কিন্তু তাঁদের বলে দিয়েছি, কোনো সময় দেওয়া হবে না। অভিযান চলবে। ওষুধ ও খাদ্যে ভেজাল দেওয়া ও কালোবাজারি করা ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান। তিনি বলেন, জীবন ধারণের জন্য ভালো খাদ্য, ভালো ওষুধ ও ভালো পানির বিকল্প নেই।

বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে আজকের সভায় বক্তব্য রাখেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় আনসার-ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপপরিচালক এস এম আজিম উদ্দিন বলেন, ওষুধের পাশাপাশি ফাস্ট ফুডের দোকানগুলোর খাবারের মানের অবস্থা ভয়াবহ। পণ্যের ভেজাল রোধ করতে হলে বিএসটিআইকে ঢেলে সাজানো প্রয়োজন।

হিফফ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়াইব হাছান বলেন, সারা বিশ্বে বাংলাদেশের পণ্য বিপণন করার জন্য ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের ইতিবাচক প্রচারণা চালাতে হবে।