খামারে শিক্ষার্থীদের হামলা, দেয়াল ভাঙচুর
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিরোধ
জমির মালিকানা নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিদপ্তরের কার্যালয়, সরকারি মুরগির খামারে হামলা ও সীমানাপ্রাচীর ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরের খুলশী থানার অয়্যারলেস গেট এলাকায় সিভাসুর ক্যাম্পাস ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় পাশাপাশি অবস্থিত। দীর্ঘদিন ধরে দুই পক্ষই দেড় একর জমির মালিকানা দাবি করে আসছে।সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে ওই জমিতে একটি রোগ অনুসন্ধান গবেষণাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে ওই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জমি পরিদর্শনে আসেন। এ সময় ভেটেরিনারির শিক্ষার্থীরা ওই জমির বেড়া, অধিদপ্তরের কার্যালয় এবং অধিদপ্তরের মুরগির খামারে ভাঙচুর চালান। পরে ওই জমিতে ‘চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবনের জন্য নির্ধারিত স্থান’ লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে দেন ভেটেরিনারির শিক্ষার্থীরা।গতকাল দুপুরে সরেজমিন দেখা গেছে, ওই জমি ঘিরে দেওয়া বাঁশের বেড়া ভাঙা এবং তাতে আগুন দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ কার্যালয়ের নিচতলায় জানালা ভাঙা। মুরগির খামারের বেড়া ও সীমানাপ্রাচীরের একাংশ ভাঙা।