পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ২ ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন। অবরোধের একপর্যায়ে ছাত্রলীগ ও পুলিশি বাধায় আন্দোলনের কর্মসূচি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, পবিপ্রবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল বুধবার সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেন। ওই সময় ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে অবস্থান ধর্মঘট ও টায়ারে অগ্নিসংযোগ করা হয়। অবরোধের একপর্যায়ে বিকেল পৌনে চারটার দিকে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে আন্দোলন থামাতে বলেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের ১০ মিনিটের মধ্যে আন্দোলন বন্ধ করার জন্য চাপ দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে না এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। এরপর বিকেল চারটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের রেললাইন থেকে উঠিয়ে দিতে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে ভেটেরিনারি অনুষদেও শিক্ষার্থীরা রেললাইনের ওপর শুয়ে পড়েন। ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। শেষ পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা চড়-থাপড় মারাসহ ভেটেরিনারি শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে জোর করে রেললাইন থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের রোষানলে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হক দাবি করেন, বাকৃবি ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর আক্রমণ চালিয়েছেন। ছাত্রলীগ বাকৃবি শাখার সাধারণ সম্পাদক ইমন বলেন, ‘যে ইস্যুতে তাঁরা আন্দোলন করছেন, এটা বাকৃবির কোনো ব্যাপার নয়। তবে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে কোনো সমস্যা নয়। কিন্তু সাধারণ জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা তাঁদের রেলপথের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করি। সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’