ভেটেরিনারির শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন।এদিকে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় ছাত্র সমিতি।জানা যায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি খোলা বন্ধসহ ৩ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষদে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা পবিপ্রবিতে নীতি-বহির্ভূতভাবে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর ইন্ধনদানের অভিযোগে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন এবং পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। বক্তারা পবিপ্রবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রিকে ‘আর্থসামাজিক অবস্থার সঙ্গে সংগতিহীন’ উল্লেখ করে অবিলম্বে সেখানে এ ধরনের ডিগ্রি খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং দাবি মানা না হলে আরও কঠিন আন্দোলনের হুমকি দেন। উল্লেখ্য, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গত সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছেন।এদিকে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় ছাত্র সমিতি। বিবৃতিতে ভেটেরিনারি অনুষদের এসব ভিত্তিহীন ও অযৌক্তিক আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।