ভেড়ামারা পৌরসভায় শুধু নেই আর নেই
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, নেই পর্যাপ্ত নালা। গণশৌচাগার ও চিত্তবিনোদনের জন্য নেই কোনো শিশুপার্কও।
পৌরসভার কয়েকজন বাসিন্দার অভিযোগ, এখানে নাগরিক সুবিধার কিছুই নেই।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালের ১ জানুয়ারি এ পৌরসভা গঠিত হয়। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ৩ দশমিক ৮৯ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় ২০ হাজার।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ভেড়ামারার প্রাণকেন্দ্র হলো বাসস্ট্যান্ড এলাকা। বাসস্ট্যান্ডের পাশেই ভেড়ামারা রেলস্টেশন। বাসস্ট্যান্ড এলাকার শাপলা চত্বর এখন ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া পৌর বাজারের ময়লা-আবর্জনা ফেলার কোনো ভাগাড় নেই। এ কারণে বাজারের যেখানে-সেখানে আবর্জনা পড়ে থাকে। এ ছাড়া ওই বাজারের বেশির ভাগ ময়লা ভেড়ামারা বড় মসজিদের পুকুরের পাড়ে ফেলা হচ্ছে। এতে পুকুরের আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।
পৌরবাসীর পানির চাহিদা মেটাতে নয়টি ওয়ার্ডের মধ্যে চারটিতে পানির সরবরাহের ব্যবস্থা নেই।
এ ছাড়া পৌরসভার বেশির ভাগ এলাকার সড়কবাতি ঠিকমতো জ্বলে না। কিন্তু এসব নাগরিক সুবিধা না পেলেও এলাকার বাসিন্দাদের নিয়মিত কর দিতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভায় নিয়মিত সভা হয় না। সর্বশেষ তিন মাস আগে একবার সভা হয়েছিল, তাও কয়েক ঘণ্টার জন্য।
পৌরসভার প্যানেল মেয়র মাহবুব আলম বিশ্বাস প্রথম আলোকে বলেন, অপরিকল্পিত পৌরসভাকে সাজানোর জন্য নকশা করা হয়েছে। বিনোদনকেন্দ্র নির্মাণসহ আবর্জনা ফেলার ব্যবস্থাও হাতে নেওয়া হচ্ছে। চারটি ওয়ার্ডে কোটি টাকা ব্যয়ে পানির লাইন বসানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ ছাড়া নালা নির্মাণে প্রায় সাত কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে কোনো সমস্যা হবে না। তবে নিয়মিত সভা না হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।