ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার আনিসুর রহমানের ছেলে রতন আলী (৩০), মেহেরপুরের সোহেল রানা (৩৮)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই ট্রাকের লোক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ঘি বোঝাই একটি ট্রাক বারমাইল এলাকায় বিকল হয়ে পড়ে। ট্রাকটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে এর মেরামত কাজ চলছিল। এ সময় নওগাঁ থেকে আসা বিপরীতমুখী ধান বোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে সোহেল রানাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রতন আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মোহাম্মদ জনি নামের আহত আরেকজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এই তিনজনের মধ্যে কে কোন ট্রাকের, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি জানান, তিন লাশের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ঘটনাস্থলে রয়েছে। রতন আলীর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও সোহেল রানার লাশ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।