পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শনে আ.লীগ নেতারা
ভেড়ামারার চাঁদগ্রাম গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য

আওয়ামী লীগ ও জাসদ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর গ্রেপ্তার ও হামলার শিকার হওয়ার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম। দুই দিন ধরে সন্ধ্যা নামার আগেই গ্রামজুড়ে নিস্তব্ধতা নেমে আসছে। এ অবস্থায় গতকাল শুক্রবার গ্রামটি পরিদর্শন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
চাঁদগ্রামে মালিথা ও মণ্ডল নামে দুটি বংশ পাশাপাশি মিলেমিশে বসবাস করছিল দীর্ঘদিন ধরে। এই গ্রামে এ দুটি বংশের শরিকদের শতাধিক পরিবার আছে। মাস ছয়েক আগে তুচ্ছ কারণে বংশ দুটির মধ্যে বিরোধ দেখা দেয়। শুরু হয় সংঘর্ষ-সহিংসতা।
গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, আতঙ্কিত নারীরা ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন। কেউ কারও সঙ্গে সহজে কথা বলতে চাইছেন না। সংঘর্ষের ঘটনার ব্যাপারে কথা বলতে চাইলেও কেউ কিছু বলছেন না। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকছেন।
এই বিরোধ সৃষ্টি ও সহিংসতার কারণ জানতে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেন প্রথম আলোর প্রতিবেদক। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতারা দাবি করেন, ছয় মাস আগে বিএনপির কিছু নেতা-কর্মী জাসদে যোগ দেন। উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টির মূল কারণ এই নেতা-কর্মীরাই। আর সেই সহিংসতার ফলে গ্রামজুড়ে তৈরি হয়েছে গ্রেপ্তার আতঙ্ক। ফলে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি।
এদিকে পুড়ে যাওয়া বাড়িঘর সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে নেতারা পরিদর্শনে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন নারী সদস্যের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা নেতাদের কাছে ঘটনার বর্ণনা দেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘চাঁদগ্রামে কোনো পুরুষ নাই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ ঘটনা ঘটানো হচ্ছে। এলাকা দখল করার জন্য এগুলো করা হচ্ছে।’ নেতারা জানান, বাড়ি পোড়ানোর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
চাঁদগ্রাম পুরুষশূন্য হয়ে পড়ার কথা স্বীকার করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গ্রামের গুরুত্বপূর্ণ জায়গায়, আগুন দেওয়া হয়েছে এমন বাড়িগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা গ্রামের নিরাপত্তা জোরদার করা হয়েছে।