ভেতরে আইনশৃঙ্খলা কমিটির সভা, বাইরে মোটরসাইকেল চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা চলছিল। এ সভা চলাকালেই ওই কক্ষের বারান্দায় রাখা তিলকপুর ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা আশরাফুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে ওই সভা শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত ওই সভা চলে। এতে ইউএনও ছাড়াও উপজেলা চেয়ারম্যান আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সভা শুরু হওয়ার আগে আশরাফুল ইসলাম উপজেলা পরিষদের হলরুমের বারান্দায় তাঁর মোটরসাইকেলটি রেখে উপজেলা পরিষদের আনসার-ভিডিপির কার্যালয়ে সভা করছিলেন। সভা শেষ হওয়ার আগেই তিনি বারান্দায় এসে দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাকক্ষে ঢুকে সবাইকে বিষয়টি জানান। আশরাফুল জানান, চুরি যাওয়ার ভয়ে তিনি উপজেলা পরিষদের হলরুমের বারান্দায় মোটরসাইকেলটি রেখেছিলেন। কিন্তু সেখান থেকেই মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘এ ব্যাপারে থানার ওসিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।’ ইউএনও এস এ এম রফিকুন্নবী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।আক্কেলপুর থানার ওসি বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনা জানার পরেই বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছিল। কিন্তু মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।’