ভেতরে ওসির প্রশংসা, বাইরে গাড়ি চুরি
নওগাঁর আত্রাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলছে। আইনশৃঙ্খলা খুব সন্তোষজনক—এ মন্তব্য করে সভায় উপস্থিত সবাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক সেই সময় সভাকক্ষের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের মোটরসাইকেল চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে।চৌধুরী গোলাম মোস্তফা জানান, রোববার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে কয়েকটি কমিটির সভা হয়। এর মধ্যে একটি ছিল আইনশৃঙ্খলা কমিটির সভা। এ সভায় তিনিও উপস্থিত ছিলেন। উপজেলার আইনশৃঙ্খলা অত্যন্ত সন্তোষজনক মন্তব্য করে তিনিসহ সবাই আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানান। সভা শেষে বাদল বাইরে এসে দেখেন, তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি মামলা করেছেন।ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মোটরসাইকেলটি খুঁজে বের করতে জোর অনুসন্ধান চলছে।