ভেতরে ক্লাস বাইরে নেতাদের ভূরিভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জে গত শনিবার দুপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময়ে মাঠে ভূরিভোজের আয়োজন করা হয়। এ আয়োজনের কোলাহলে পাঠদান (ক্লাস) ব্যাহত হয় বলে অভিযোগ উঠেছে।

গোদনাইলে ৮৯ নম্বর তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাবারের আয়োজন করেন যুবলীগের নেতা মহসিন ভূঁইয়া।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বলেন, ঈদুল আজহার ছুটির পর গত শনিবার শিক্ষার্থীদের বিদ্যালয় খোলা হয়। ওই দিন দুপুরে ক্লাস চলার সময় বিদ্যালয়ের মাঠে শামিয়ানা টানিয়ে, চেয়ার-টেবিল বিছিয়ে খাবারের এ আয়োজন করা হয়। খাদ্যতালিকায় ছিল পোলাও, গরু, খাসি ও মুরগির মাংস। এ জন্য সকাল থেকেই আয়োজন চলতে থাকে।

শিক্ষার্থীরা বলে, তাদের বিদ্যালয় দুই পালায় পড়ানো (ক্লাস) হয়। সকাল ৯টা থেকে ১২টা সকালের পালা আর দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুপুরের পালার ক্লাস চলে। ছুটির পর শনিবার বিদ্যালয় খোলায় উপস্থিতি একটু কম ছিল।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ভূরিভোজে অংশ নেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান, নগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ইফতেখার আলম ও তৃণমূলের শতাধিক নেতা-কর্মী। খাবার পরিবেশন ও গ্রহণে অংশ নেওয়া লোকজনের কথাবার্তা ও ডাকাডাকিতে ক্লাসে শিক্ষার্থীদের মনঃসংযোগ নষ্ট হয়। ছোট মাঠে শতাধিক লোকের এ আয়োজনের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলও বাধাগ্রস্ত হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শাহনাজ বেগমের মুঠোফোনে ফোন করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

আয়োজক মহসিন ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সমর্থনে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান। এ কারণে সিদ্ধিরগঞ্জ থানা ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুপুরের খাবারের দাওয়াত দেন। ঈদের পর শনিবারই বিদ্যালয় খুলেছে, তা তাঁর জানা ছিল না। তবে তাঁদের আয়োজনে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেন মহসিন ভূঁইয়া।