ভেতরে ক্লাস, বাইরে ভোটাভুটির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস চলাকালে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে গতকাল বুধবার তৃণমূল নেতাদের ভোটের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে ছাত্রদের পড়ালেখা বিঘ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে দুপুর পৌনে একটার দিকে মূল ভোটার নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বাছাইয়ের জন্য ওই মাঠে বেলা ১১টার দিকে ওই ভোটের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার নেতা-কর্মী উপজেলা শহরে উপস্থিত হন। আর তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে নেতা-কর্মীরা তাঁদের বহন করে আনা শতাধিক নসিমন, বাস-ট্রাক-অটোরিকশা চার-পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এতে ভোগান্তিতে পড়ে ছাত্ররা।

মাদ্রাসার অধ্যক্ষ মুশফিকুর রহমান জানান, তাঁর মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র। গতকাল পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল। কিন্তু মাঠে আওয়ামী লীগের তৃণমূলের ভোট থাকায় সকাল-সকাল মাদ্রাসা ছুটি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি, তিনি মাঠ চাইলে আমি কী করতে পারি?’

তজুমদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন আক্ষেপ করে বলেন, ‘নিয়ম না থাকার পরেও কলেজ মাঠে যানবাহনগুলো কখন রেখেছে বলতে পারি না। রাখার পড়ে কিছু বলতেও পারছি না, ক্ষমতাসীনদের ব্যাপার। দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চালিয়ে ছাত্রদের ছুটি দিয়েছি।’

 তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক তালুকদার বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করার জন্য তৃণমূল নেতাদের ভোট প্রদান অনুষ্ঠানের ছোট্ট আয়োজন করা হয় চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে। সেখানে পাঁচটি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হওয়ায় আমরা পরে পৌনে একটার দিকে ভোটারদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটের আয়োজন করেছি। তবে মাদ্রাসায় পরীক্ষা না থাকার কারণে আমরা মাদ্রাসার মাঠে ওই ভোটের আয়োজন করেছিলাম। এতে দোষের কিছু দেখছি না।’

এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, ক্লাস চলার সময় ছাড়াও স্কুল-কলেজের মাঠে কোনো রকম যানবাহন রেখে শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না। এমনকি ক্লাস চলাকালে কলেজ-মাদ্রাসার মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ। কিন্তু নিয়মকানুন থাকলেও এসব নিয়ম কেউ মানেন না।