ভেতরে গুমোট, দেয়ালে উইপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেতরে ঢুকলেই গুমোট গন্ধ। দেয়ালে উইপোকার বাসা। পলেস্তারা খসে পড়ছে। চারদিকে ছড়ানো-ছিটানো বোতলে ফরমালিনে ডুবানো মাছ। মাছগুলো নষ্ট হওয়ার পথে। কক্ষের পেছনের দিকটায় বহু দিনের জমে থাকা ময়লার স্তূপ, উইপোকায় কাটা পুরোনো বই, ভাঙাচোরা আসবাব। সেসবের ওপর রাখা একটা ছেঁড়া বালিশ।
পরিত্যক্ত কোনো বাড়ির বর্ণনা নয়। সুন্দরবন নিয়ে স্থাপিত দেশের একমাত্র ‘সুন্দরবন তথ্য ও শিক্ষাকেন্দ্র’র মাছ প্রদর্শনী কক্ষের চিত্র এটি।
শিক্ষার্থী ও পর্যটকদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এবং সুন্দরবন-সংক্রান্ত তথ্য দিয়ে ভ্রমণে উৎসাহিত করতে ২০০১ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা নগরে কেন্দ্রটি চালু করে বন বিভাগ। কিন্তু বর্তমানে এটি দর্শনার্থীশূন্য। সুন্দরবনের বিপন্নপ্রায় প্রাণিকুলের মতোই পরিস্থিতি এটিরও।
কেন্দ্রটির জন্য জনবল মাত্র দুজন। প্রায় সারা বছরই এর প্রধান ফটক তালাবদ্ধ থাকে। এটির দায়িত্ব একজন সহকারী বন সংরক্ষকের। কিন্তু সুন্দরবন পশ্চিম বন বিভাগে আপাতত কোনো সহকারী বন সংরক্ষক না থাকায় কেন্দ্রটি বর্তমানে অভিভাবকহীন। ২০১৩ সালের ৮ মার্চের পর পরিদর্শন বইয়ে কোনো দর্শনার্থীর মন্তব্য নেই। সেখানে নেই কোনো হালনাগাদ তথ্য। যা মেলে, তা-ও শুধু সুন্দরবন পশ্চিম বন বিভাগের, পূর্ব বন বিভাগের কোনো তথ্য নেই। নামে শিক্ষাকেন্দ্র হলেও সুন্দরবন-সম্পর্কিত বই নেই। প্রচার-প্রচারণাও নেই কেন্দ্রটি নিয়ে। ফলে এটি সম্পর্কে সারা দেশ তো দূরের কথা, খুলনার শিক্ষার্থী ও সাধারণ মানুষই তেমন কিছু জানে না। কর্তৃপক্ষের সদিচ্ছা ও উদাসীনতায় এর কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
খুলনা নগরের সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরিফুল হক বলছিল, ‘সুন্দরবন সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে। কিন্তু সুন্দরবন তথ্য ও শিক্ষাকেন্দ্র সম্পর্কেই আমি জানি না।’
সুন্দরবন বন বিভাগের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে প্রকল্পটি স্থগিত হওয়ার পর কেন্দ্রটির কার্যক্রমও গতি হারাতে থাকে। সেই থেকে নতুন কিছু সংযোজন করা হয়নি। ২০১৪ সালে ‘সুন্দরবন পরিবেশ ও জীবিকা নিরাপত্তা প্রকল্প’ থেকে এখানকার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি ঠিক করে দেওয়া হয় এবং একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর কেনা হয়।
গত সপ্তাহে দুই দফা সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক যথারীতি বন্ধ। ডেকে খোলানোর পর ঢুকতেই পুরাতন ছবির বোর্ড ও অস্পষ্ট সুন্দরবনের মানচিত্র। অভ্যর্থনাকক্ষে পর্যটক, রাজস্ব ও টুর অপারেটরদের তালিকা দেওয়া। তবে সেসব তথ্য ২০০১-০২ থেকে ২০০৩-০৪ অর্থবছরের। শুনানির রুমে খালি তাক। সেখানে কোনো বই বা প্রকাশনা নেই। কক্ষটি এখন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বন্যপ্রাণী প্রদর্শনী কক্ষের দেয়ালে তিনটি বাঘের চামড়া, দুটি হরিণের চামড়া ও একটি অজগরের চামড়া সাঁটানো দেখা গেছে। এ ছাড়া রয়েছে একটি বাঘ, দুটি হরিণ, একটি উদবিড়াল ও একটি বনবিড়ালের অবয়ব। আর শোকেসে পাখির পালক দিয়ে তৈরি কিছু পাখির অবয়ব।
কেন্দ্রটির তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা জি এম রবিউল ইসলাম বলেন, উদ্বোধনের পর থেকে এখানে প্রচুর দর্শনার্থী আসতেন। কিন্তু প্রচারের অভাবে ও নতুনত্ব না থাকায় এটি এখন দর্শনার্থীশূন্য হয়ে পড়েছে। এখানে কোনো কম্পিউটার নেই। তাই কেউ পুরোনো বা হালনাগাদ তথ্য চাইলে বিভাগীয় কার্যালয়ে পাঠাতে হয়। প্রচার-প্রচারণা ও নতুনত্ব আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা (সুন্দরবন পশ্চিম) জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আরও বড় পরিসরে কেন্দ্রটির আধুনিকায়ন খুবই দরকার। বরাদ্দ না থাকায় করতে পারছি না। নতুন প্রকল্পের জন্য আমি বন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি।’
খুলনা অঞ্চলের বনসংরক্ষক সুনীল কুমার কুণ্ড বলেন, ‘সুন্দরবন ব্যবস্থাপনা প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প নিয়ে একটি জার্মান সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে। প্রকল্পটি পেলে আমরা কেন্দ্রটিকে নতুন করে সাজাব।’