ভেতরে ডিগ্রি পরীক্ষা বাইরে গরুর হাট
‘দুপুর দুইটায় পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে দেখি মাঠভর্তি গরু আর গরু। সঙ্গে কিছু মানুষজন। আমি ধন্দে পড়ে যাই, ভুল কোথাও চলে আসিনি তো? ঘোর কাটতে না কাটতেই দেখি একটি গরু তেড়ে আসছে আমার দিকে। দৌড়ে দ্রুত স্থান ত্যাগ করে কোনো রকমে জীবন রক্ষা করি। ভেতরে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করে নিশ্চিত হই, এখানেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’পরীক্ষা দিয়ে বের হয়ে গতকাল শনিবার এভাবেই রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ কেন্দ্রের পরিবেশের বর্ণনা দেন ডিগ্রি পরীক্ষার্থী তারিকুল ইসলাম।কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা চলছে। গতকাল ছিল আরবি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার আগের দিন পুঠিয়া ইউএনও এর কার্যালয় থেকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়।গরুর হাট বসানোর কথা স্বীকার করে অধ্যক্ষ মাজদার রহমান বলেন, ‘এলাকায় এত বড় হাট বসানোর মতো আর কোনো জায়গা না থাকায় কলেজ মাঠেই প্রতিবছর গরুর হাট বসানো হয়। পরীক্ষার দিনে হাট সাধারণত পড়ে না। এবার শুধু একটা পরীক্ষা হাটের দিনে পড়েছে।