ভেতরে ফল ঘোষণা, বাইরে উল্লাস

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ ক্লাবের ভেতরে কমিউনিটি সেন্টারের এবারের সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। সেখানে রিটার্নিং কর্মকর্তা একটি কেন্দ্রের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ক্লাবের বাইরের অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কর্মী-সমর্থকেরা উল্লাস প্রকাশ করে ‘জয় বাংলা’ ও ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগান দিচ্ছেন। কারণ রাত নয়টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১০২ টিতে এগিয়ে আছেন নৌকা প্রতীক।
নারায়ণগঞ্জ ক্লাবের ভেতরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিভিন্ন কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফল ঘোষণা করছেন। সন্ধ্যা ৭টার পর ফল ঘোষণা শুরু হয়। নিরাপত্তার কারণে লোকজন নারায়ণগঞ্জ ক্লাবে ঢুকতে পারছেন না। তাই তারা বাইরে অপেক্ষা করছেন। একটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সঙ্গেই ‘জয় বাংলা’ ও ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগান দিচ্ছেন। সঙ্গে আতশবাজি পোড়ানো হচ্ছে। হাততালির সঙ্গে সঙ্গে চলছে আইভীকে নিয়ে গানও। সেখানে বন্দর এলাকার সুজন হালদার নামের একজন প্রথম আলোকে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী আমাদের মেয়র। পুরো বন্দরের চেহারা উনি বদলে দিয়েছেন। কাজেই মানুষ তাকে ভোট দেবে।’
উল্লাস করতে থাকা রাজীব রায় নামের একজন প্রথম আলোকে বলেন, ‘উন্নয়নের প্রতীক, সততার প্রতীক, সাধারণ মানুষের প্রতীক সেলিনা হায়াৎ আইভী। আমরা তার সঙ্গে আছি।’
অনেক কেন্দ্রের বেসরকারি ফলে এগিয়ে থাকার ব্যাপারে যোগাযোগ করা হলে রাত ৯টার দিকে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘আমি চূড়ান্ত ফলাফল এখনো পাইনি। আপনাদের (সাংবাদিক ও এজেন্ট) কাছ থেকে পাওয়া ফলে আমি জয়ের পথেই আছি। এ বিজয় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের। এ বিজয় নৌকার। এ বিজয় উন্নয়নের।’ তিনি আরও বলেন, জনগণ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান আমি দেব।
সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ ১০২ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে ৯৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ৫৪ হাজার ৮৫৩ ভোট পেয়েছেন। প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে লড়াই করেন সাতজন। যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। অন্য তিন প্রার্থী হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের ইজহারুল হক (মিনার)। ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে প্রার্থী ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রথম ভোট হয় ২০১১ সালের ৩০ অক্টোবর। নির্দলীয় ওই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৮০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত ও বর্তমান সাংসদ শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী ভোটের সাত ঘণ্টা আগে সরে দাঁড়ান।