ভেতরে-বাইরে দখল, ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নিউমার্কেটের মূল নকশায় খোলামেলা পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়েছিল। আশির দশকে বাড়তি কয়েকটি নতুন ভবন নির্মাণ করায় তার অনেকটাই হারিয়ে গেছে। এখন হকারদের দৌরাত্ম্যে মার্কেটের ফুটপাত ও ভেতরের হাঁটার পথও বেদখল। এতে ক্রেতারা অসন্তুষ্ট। মার্কেট ব্যবসায়ী সমিতি চাইছে এই মার্কেটটিকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করে এর পুরোনো পরিবেশ ফিরিয়ে আনতে।
আজিমপুর ও ধানমন্ডির নতুন জনবসতির চাহিদা পূরণের জন্য ১৯৫২-৫৪ সালে ঢাকা নিউমার্কেট নির্মিত হয়। ঢাকা নিউমার্কেট সমিতির সূত্রে জানা যায়, ব্রিটিশ স্থপতি হে ঢাকা নিউমার্কেটের নকশা করেন।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, মূল নকশায় এই বিপণিকেন্দ্রটি ছিল ত্রিকোণাকৃতির। নকশায় ত্রিকোণাকৃতির সীমানার ভেতর ছিল ত্রিকোণ সবুজ পার্ক। আর ৩ নম্বর ফটকের বাইরে ছিল পার্কিংয়ের জায়গা।
মূল নকশার সেই সবুজ পার্কটি আর নেই। আর আশির দশকে সামরিক শাসনামলে পার্কিংয়ের জায়গায় নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেটসহ তিনটি নতুন স্থাপনা গড়ে উঠেছে বলে জানান সমিতির সহসভাপতি মাহাবুবুল হক।
সমিতির সভাপতি বলেন, ‘নিউমার্কেট ঢাকার ঐতিহ্য। আমরা এই ঐতিহ্যকে ধরে রাখতে চাচ্ছি। এর মূল নকশার যেন আর কোনো পরিবর্তন না হয় তাই একে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আবেদন করা হয়েছে।’
নকশায় বিপণিকেন্দ্রের দুই সারি দোকানের মাঝে হাঁটাচলার যে প্রশস্ত জায়গার কথা বলা আছে, তা-ও এখন আর নেই। গত শুক্রবার গিয়ে দেখা যায়, হাঁটার পথের দুপাশে চৌকিতে ব্যাগ, ইমিটেশনের গয়না আর শিশুদের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দোকানের সামনের করিডরও হকারদের দখলে। সেখানে বিক্রি হচ্ছে ওড়না, থ্রিপিস, হাঁড়ি-পাতিলসহ নানা কিছু। নির্মাণাধীন দোকানের নানা সরঞ্জাম পড়ে আছে হাঁটার পথে। আর বাইরে ফুটপাতে চশমা-জুতা-ব্যাগের দোকানের কারণে মূল সড়কে নামতে হচ্ছে ক্রেতা আর পথচারীদের।
পুরান ঢাকার কায়েতটুলী এলাকা থেকে আসা গৃহিণী মুনমুন ইসলাম বললেন, ‘খোলামেলা পরিবেশের কারণে নিউমার্কেট ভালো লাগত। কিন্তু হকারদের কারণে ফুটপাতে তো হাঁটাই যায় না। এখন ভেতরেও হাঁটা কঠিন।’
নিউমার্কেট দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন আহমেদ বলেন, ফুটপাতের হকারদের পুনর্বাসনের মাধ্যমে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।