ভেতরে-বাইরে শতাধিক অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর সরকারি কলোনির ভেতরে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। এসব দোকান থেকে নিয়মিত ভাড়া আদায় করা হয়। ছবিটি গতকালের l প্রথম আলো
আজিমপুর সরকারি কলোনির ভেতরে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। এসব দোকান থেকে নিয়মিত ভাড়া আদায় করা হয়। ছবিটি গতকালের l প্রথম আলো

আজিমপুরের তিনটি সরকারি কলোনিতে (উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল) অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। এসব দোকান থেকে মাসে কয়েক লাখ টাকা ভাড়া আদায় করছেন কলোনিভিত্তিক কল্যাণ সমিতি ও প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু এসব অবৈধ দোকান উচ্ছেদে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না গণপূর্ত অধিদপ্তরের আজিমপুর ডিভিশন।
আজিমপুর চৌরাস্তা থেকে দায়রা শরিফ আবাসিক এলাকার ১ নম্বর ফটক ও আজিমপুর মেডিকেল সেন্টার থেকে আজিমপুর জামে (ছাপরা) মসজিদ পর্যন্ত কলোনির দেয়াল ঘেঁষে রয়েছে আরও অর্ধশতাধিক অবৈধ অস্থায়ী দোকান। এসব দোকানের কারণে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা। সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদে একাধিকবার অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
কলোনিগুলোর বাসিন্দাদের অভিযোগ, কলোনিভিত্তিক কল্যাণ সমিতির সঙ্গে গণপূর্তের আজিমপুর ডিভিশনের কয়েকজন কর্মকর্তাও এই অবৈধ দোকান-বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন। তাই তাঁরা দোকানপাট উচ্ছেদে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসব দোকানের ময়লা-আবর্জনায় কলোনি ও আশপাশের পরিবেশ নোংরা হচ্ছে।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে গণপূর্তের আজিমপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কলোনিভিত্তিক কল্যাণ সমিতির নেতারাই দোকানগুলো নিয়ন্ত্রণ করেন। এসব দোকান নির্মাণে কর্তৃপক্ষের কোনো অনুমতি দেওয়া হয়নি৷ অবৈধ দোকান উচ্ছেদ করতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কিছু দোকান উচ্ছেদ না করতে উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে৷ বাকি দোকানগুলো উচ্ছেদে নতুন করে চিঠি দেওয়া হবে।
এই তিনটি কলোনিতে চার, পাঁচ ও ছয়তলাবিশিষ্ট ১১৫টি ভবন রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে ৬০টি, মধ্যাঞ্চলে ২৪ ও দক্ষিণাঞ্চলে আছে ৩১টি ভবন। এসব ভবনে বসবাস করছে প্রায় দুই হাজার পরিবার।
নিউমার্কেটের দক্ষিণ পাশ থেকে আজিমপুর সড়কের সলিমুল্লাহ মুসলিম এতিমখানা পর্যন্ত আজিমপুর সরকারি উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল কলোনি। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, উত্তরাঞ্চল কলোনির আজিমপুর কমিউনিটি সেন্টারের উত্তর পাশে আছে ফাস্টফুড, লন্ড্রি, মুদিসহ হরেক রকমের আটটি দোকান। সমবায় ভবনসংলগ্ন আছে ১৫টি দোকান। মধ্যাঞ্চল কলোনির উত্তর ফটকে ভেতরে-বাইরে রয়েছে চারটি আসবাবের দোকান। আজিমপুর চৌরাস্তা থেকে দায়রা শরিফ পর্যন্ত সড়কে আছে আরও আটটি অস্থায়ী দোকান। আজিমপুর সরকারি কলোনি মধ্যাঞ্চল কল্যাণ সমিতির পশ্চিম পাশে খালি জায়গায় হাঁড়ি-পাতিল ও শাড়ির ১০ থেকে ১২টি অস্থায়ী দোকান। এসব দোকানে কেনাকাটা করছেন ক্রেতারা। এই সমিতি-সংলগ্ন ছাপরা মসজিদের সামনে রয়েছে কাঁচাবাজার। এ ছাড়া দক্ষিণাঞ্চল কলোনির উত্তর ও দক্ষিণ ফটকে আছে আরও প্রায় ২৫টি দোকান। এসব দোকানের ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে আছে। কলোনিভিত্তিক কল্যাণ সমিতিগুলোর কার্যালয় বন্ধ দেখা গেছে।
উত্তরাঞ্চল কলোনির বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ২০ থেকে ২৫ বছর আগে থেকেই আজিমপুর কমিউনিটি সেন্টারের উত্তর পাশে দু-একটি করে দোকান গড়ে ওঠে। পরে কয়েক বছর পরপরই এখানে দোকানসংখ্যা বাড়তে থাকে। এভাবে ওই তিনটি কলোনির বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। কিন্তু এসব দোকানের কারণে কলোনিগুলোর পরিবেশ দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরাঞ্চল কলোনির এক দোকানি বলেন, কলোনির জামাল নামের এক বাসিন্দার কাছে মাসে সাত হাজার টাকা দোকান ভাড়া দেন তিনি। কিন্তু কোনো রসিদ দেওয়া হয় না। জামালের বিস্তারিত পরিচয় দিতে রাজি হননি তিনি।
আজিমপুর সরকারি দক্ষিণাঞ্চল কলোনি কল্যাণ সমিতির সভাপতি রওশন আরা বলেন, ‘কলোনির দোকান ভাড়ার টাকা সমিতির সামাজিক কাজে ব্যয় করা হয়। এ জন্য গণপূর্তের অনুমতির দরকার হয় না।’ উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল কল্যাণ সমিতির কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।