
রাজধানীর আসাদগেট নিউ কলোনির তিনটি ভবনের বাসিন্দাদের ঘরের ভেতরে রেখেই গতকাল মঙ্গলবার সকাল থেকে ভবনগুলো ভাঙতে শুরু করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। পরে বাসিন্দারা বেরিয়ে আসেন ও তাঁদের জিনিসপত্র সরিয়ে নেন। বাসিন্দারা অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে ভবন ভাঙা হয়েছে। ভাঙার কাজে বহিরাগত দুর্বৃত্তরা অংশ নিয়েছে।
গতকাল সকাল ১০টার দিকে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষ কলোনিতে হাজির হয়। তারা চিৎকার করে বাসিন্দাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলে। অন্যদিকে ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের ভবনের ভেতরে ঢুকিয়ে দেয়। ঘরে লোকজন থাকা অবস্থায় তিনটি ভবন (৯, ১৩ ও ১৫ নম্বর) ভেঙে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় বাসিন্দারা কান্নাকাটি করতে থাকেন, হাতজোড় করে কিছুক্ষণ সময় চান।
ওই তিন ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, নিউ কলোনি সোসাইটি ভবন ভাঙার বিষয়ে আদালতের স্থগিতাদেশ আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে ১৮ জানুয়ারি শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি পিছিয়ে ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে ভবন ভেঙেছে। কর্তৃপক্ষের লোকজন উচ্ছেদের পক্ষে কোনো কাগজপত্রও দেখাতে পারেনি।
সরেজমিনে দেখা যায়, গতকাল প্রথমে ৯ নম্বর ভবন, এরপর ১৩ ও ১৫ নম্বর ভবন ভাঙার কাজ শুরু হয়। তিন ভবনের মূল ফটক, দরজা-জানালা ভেঙে ফেলা হয়। এ সময় ওই তিন ভবনের বাসিন্দারা ঘরের মালামাল বের করে রাস্তার ওপর, কলোনি মাঠে ও গ্যারেজে জড়ো করেন। অনেককে আবার ট্রাক-পিকআপ ভাড়া করে এনে মালপত্র আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যেতে দেখা যায়।
এ সময় নারীরা কান্নায় ভেঙে পড়েন। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মালপত্রের ওপরেই পরিবারের বয়স্কদের বসে থাকতে দেখা যায়। এত বছরের আবাসস্থল হারিয়ে অনেকেই দুঃখ-বেদনায় স্তব্ধ হয়ে যান। কেউ কেউ চোখ মুছছিলেন ও ঘরের ভেতরে থাকা জিনিসপত্র বের করে আনছিলেন।
১৫ নম্বর ভবনের ১০ নম্বর ফ্ল্যাটের রোকসানা আহমেদের স্বামী ও বড় ছেলে অফিসে গিয়েছিলেন। মেয়ে বিশ্ববিদ্যালয়ে আর ছোট ছেলে স্কুলে। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দোতলার বারান্দায় এসে দেখেন, তাঁদের ভবন ভাঙা হচ্ছে। তিনি সেখান থেকে বলতে থাকেন, ‘আমি একা কী করব, মালামাল কীভাবে বের করব, কোথায় যাব?’ এরপর কয়েকজন শ্রমিক গিয়ে তাঁর বাসা থেকে সবকিছু বের করে রাস্তায় রাখতে শুরু করেন। খবর পেয়ে বাড়ির সদস্যরা ছুটে আসেন। দেখেন, তাঁদের বাড়িঘর ভাঙা। জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
অভিযানে উপস্থিত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, উচ্ছেদ করতে আইনানুগ কোনো বাধা নেই। কাগজপত্রে উচ্ছেদে বাধা থাকলে এভাবে উচ্ছেদ করা হতো না। এখানে দুজন ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। তাঁদের নির্দেশে সব ধরনের আইন মেনে উচ্ছেদ করা হচ্ছে। সর্বশেষ গত সোমবার রাতেও মাইকিং করে বাসিন্দাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল।
এই কলোনিতে সাতটি ভবন রয়েছে। সরকার পুরোনো ভবন ভেঙে এখানে নতুন ভবন করার সিদ্ধান্ত নিয়েছে। গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে, বর্তমান বাসিন্দাদের নতুন ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন বাসিন্দাদের একটি অংশ। তাঁরা এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
কয়েকজন বাসিন্দার অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ছিল। ভাঙার মূল ভূমিকা পালন করছে সন্ত্রাসী বাহিনী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের সহযোগী মো. বাদশার নেতৃত্বে কিছু সন্ত্রাসী শ্রমিকদের সঙ্গে গিয়ে ভাঙচুরে অংশ নেয়। সেখানে উপস্থিত বাদশার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, ‘এখানে বহিরাগত কেউ নেই। কোনো সন্ত্রাসী নেই।’ তবে বেলা তিনটার দিকে বাদশাকে রড হাতে দলবল নিয়ে সেখানে ঘুরতে দেখা যায়।
এর আগে গত ২৭ ডিসেম্বর নিউ কলোনির বাসিন্দাদের একাংশের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। গতকালের উচ্ছেদের অগ্রভাগে থাকা বাদশার নেতৃত্বেই সেদিন প্রায় ৩০ জন যুবক কলোনির বাসিন্দাদের ওপর হামলা করে বলে বাসিন্দারা অভিযোগ করেছিলেন। সেদিন হামলাকারীরা নারীদের ওপরও হামলা চালায় বলে বাসিন্দারা অভিযোগ করেছিলেন।
এ বিষয়ে কথা বলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
১৫ নম্বর ভবনের ১৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা শাহীদুল হায়দার বলেন, ‘৮০ বছরের বৃদ্ধ মা ও স্ত্রী বাসায় ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ভাঙতে শুরু করে। ২১ তারিখে শুনানি ছিল। যেটা রায় হতো সেটা মেনে নিতাম। তারা কোনো সঠিক কাগজ দেখাতে পারেনি। কোথায় থাকব, জানি না।’