ভেদরগঞ্জে গর্তে ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ভেদরগঞ্জের গৈড্ডা এলাকায় গর্তে দুটি ট্রাক আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টায় তোলা l প্রথম আলো
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ভেদরগঞ্জের গৈড্ডা এলাকায় গর্তে দুটি ট্রাক আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি গতকাল সকাল সাড়ে ১০টায় তোলা l প্রথম আলো

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গৈড্ডা এলাকায় গতকাল রোববার ভোরে সড়কের গর্তে দুটি ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভেদরগঞ্জ সদর থেকে সাজনপুর বাজার পর্যন্ত দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জেলা কার্যালয় সূত্র জানায়, স্থানীয়ভাবে ক্রেন না থাকায় গর্তে আটকে থাকা ট্রাক দুটি উদ্ধার করা যাচ্ছে না। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে গৈড্ডা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে বড় বড় গর্ত। পাশাপাশি দুটি গর্তের মধ্যে ট্রাকের পাত ভেঙে পড়ে আছে। এর ২০ মিটার দূরে আরও একটি ট্রাক গর্তে আটকা পড়েছে। এসব ট্রাক সরিয়ে যানবাহন চলাচলের কোনো উদ্যোগ চোখে পড়েনি। বাস ও অন্য যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীরা রিকশা-ভ্যানে করে গন্তব্যের দিকে যাচ্ছেন।

খুলনা-শরীয়তপুর-চট্টগ্রাম সড়কের দিদার পরিবহনের যাত্রী খায়রুল আমীন। তিনি গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছেন। গতকাল সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় এসে দেখেন, যানবাহন চলাচল বন্ধ। খায়রুল আমীন বলেন, ‘ভোরবেলা বাড়ি থেকে রওনা হয়েছি। বিকেল পাঁচটায় চট্টগ্রামে একটি ব্যবসায়িক সভায় যোগ দেওয়ার কথা। রাস্তার মধ্যে আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন গন্তব্যে কীভাবে যাব?’

চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে যশোর যাচ্ছিলেন ট্রাকচালক স্বপন সরদার। সকাল আটটার দিকে ভেদরগঞ্জ এলাকায় এসে দেখেন, সড়কের গর্তে ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ। স্বপন সরদার বলেন, দুপুরের মধ্যে যশোর পৌঁছে ফল সরবরাহ করার কথা। রমজানের বাজার। এখন সময়মতো পৌঁছাতে না পারলে মালিক ক্ষতিগ্রস্ত হবেন।

বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাক দুটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

সওজের জেলা কার্যালয় সূত্র জানায়, মাদারীপুরের মস্তফাপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার পর্যন্ত ৬৫ কিলোমিটার শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজার থেকে আলুর বাজার পর্যন্ত ৩৫ কিলোমিটার। ২০০০ সালে সড়কটি চালু হয়। তখন থেকেই এই সড়ক দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল শুরু করে। দূরত্ব ও সময় কম লাগায় এবং ঢাকার যানজট এড়িয়ে যাতায়াত করা সম্ভব হওয়ায় অল্প সময়ে সড়কটি জনপ্রিয় হয়ে ওঠে। তিন বছর ধরে দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য ও যাত্রীবাহী যানবাহন। তিন বছরে সড়কটি সংস্কারে ২৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। তারপরও সড়কটির তেমন কোনো উন্নতি হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থদাস গুপ্ত বলেন, ‘সড়কটি খারাপ থাকার কারণে প্রায়ই ট্রাক আটকে থাকে। ট্রাকের চালক ও মালিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় সড়ক থেকে ট্রাক সরিয়ে নেন। আমাদের কাছে কোনো ক্রেন নেই। তাই এ বিষয়ে আমরা ভূমিকা রাখতে পারছি না। কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে, তাও বলতে পারছি না।’ তিনি আরও বলেন, প্রতিবছর মেরামত করা হলেও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের পরিস্থিতি খারাপ হয়ে যায়। এ সমস্যার সমাধানে বড় আকারের প্রকল্প নিয়ে সড়কটি নতুনভাবে তৈরি করতে হবে।