ভেদরগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাজীব দেওয়ান (২২) নামের এক চালককে হত্যা করে তাঁর মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে সখীপুর চরভাগা মৃধাকান্দি বড় সেতুর দক্ষিণ পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজীব ভেদরগঞ্জের চর পায়াতলী আক্তার উদ্দীন সরকারকান্দি গ্রামের দুদু মিয়া দেওয়ানের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন।
উপজেলার সখীপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে রাজীব দুলারচর লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে কার্তিকপুরের উদ্দেশে রওনা হন। এরপর অনেক খোঁজ করে গতকাল সকালে পরিবারের লোকজন চরভাগা মৃধাকান্দি বড় সেতুর দক্ষিণে সড়কের পাশে রাজীবের স্যান্ডেল ও রক্ত দেখতে পান। পরে আশপাশে খোঁজ করলে পাশের ডোবার মধ্যে পাটের জাগের নিচে পা দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সখীপুর থানার পুলিশ রাজীবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর সরকার জানান, রাজীবের মাথায় ধারালো অস্ত্রের আটটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইকারী চক্র তাঁকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।