ভেদরগঞ্জে স্কুল মাঠে মেলা পাঠদান ব্যাহত
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে দুটি বিদ্যালয়ের মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা বসেছে। মেলার জন্য শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বালার বাজারে তারাবুনিয়া উচ্চবিদ্যালয় ও চরসেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয় দুটির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করেন। স্থানীয় প্রশাসন থেকে সাত দিন মেলা পরিচালানার জন্য অনুমতি নেওয়া হয়। গত শনিবার থেকে বিদ্যালয় মাঠে মেলা শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। মেলাটি চালানোর জন্য তারাবুনিয়া উচ্চবিদ্যালয়ে দুপুর ১২টা পর্যন্ত পাঠদান চালিয়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় মাঠে মেলা আয়োজক কমিটি ১৫০টি স্টল বরাদ্দ দিয়েছে। মেলায় অনেক লোকের সমাগম ঘটে। অবিরাম মাইক বাজতে থাকে। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভেদরগঞ্জের ইউএনও রাকিব হায়দার বলেন, মেলার অনুমোদন নেওয়ার সময় বিদ্যালয়ের কথা উল্লেখ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।