ভেদরগঞ্জের পদ্মায় ট্রলারডুবি নিখোঁজ ১২
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গতকাল শনিবার কার্গোর ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে কমপক্ষে ১২ জন নিখোঁজ হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জগামী লঞ্চে যাত্রী উঠিয়ে দিতে গতকাল সকাল নয়টার দিকে ২৫-২৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ভেদরগঞ্জের দুলারচর লঞ্চঘাট ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর কয়লাবাহী কার্গো এমভি সেবার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে ১৪ জন যাত্রীকে উদ্ধার করে। অন্যদের খোঁজ পাওয়া যায়নি।খবর পেয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক সানোয়ার হোসেন, পুলিশ সুপার শহীদুর রহমান ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক দুলারচর লঞ্চঘাটে উপস্থিত হন। উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার-জাহাজ অগ্নিবিনাশ ও বিআইডব্লিটিএর জাহাজ কপোত বেলা দুইটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার-তৎপরতা বিঘ্নিত হয়।স্থানীয় সখীপুর ইউনিয়নের কান্দি গ্রামের দেলোয়ারা বেগম (৪৫) জানান, তিনি তাঁর স্বামী মতিউর রহমান শিকদার, ছেলে জসিম শিকদার ও শিশুকন্যা আঁখিমণিকে নিয়ে নারায়ণগঞ্জগামী লঞ্চ ধরতে ওই ট্রলারে ওঠেন। ট্রলারে ২৫-২৬ জন যাত্রী ছিল। কিছুদূর যাওয়ার পর কার্গো জাহাজ এসে ধাক্কা দিলে ট্রলারসহ তারা ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।নিখোঁজ যাত্রীদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সখীপুরের মফিজুল কাজীর স্ত্রী জেবুন্নেছা (৫৫), ছেলে রুবেল (৩৫) ও নাতনি শিল্পী (১২)।নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর কার্যালয়ের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। প্রবল স্রোতের কারণে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।জেলা প্রশাসক সানোয়ার হোসেন বলেন, ‘ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার-তৎপরতা চলছে। নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। আমরা নিখোঁজ তিনজন যাত্রীর পরিচয় জানতে পেরেছি।’