পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান
মাতৃভূমির উন্নয়নে পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ১৮ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
একই উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তির ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। এ শান্তির ধারা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।’ খবর বাসসের।
বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আমি বিশ্বাস করি, পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।’ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।