সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবীদের ‘ভেদাভেদ’ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এই আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়।
২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন।
সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, সমিতির নেতা মো. আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, এ কে এম নেসার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।