আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন লোকজ উত্সব করা হবে। ধর্মের ওপর আঘাত আসে, উত্সবে এমন কোনো কাজ করা হবে না।’গতকাল শনিবার দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘আমি সবাইকে নিয়ে উত্সব করতে চাই। এ জন্য আমি সবার সঙ্গে কথা বলব। ইতিমধ্যে গঠিত কমিটি কাজ না করলে নতুন কমিটি করে উত্সব করা হবে।’ তিনি জানান, ২৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এ উত্সবে স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদসহ দেশের গুণীজনেরা উপস্থিত থাকবেন।এদিকে লোকজ উত্সব উদ্যাপন কমিটির সভাপতি দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস গত বৃহস্পতিবার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ১৪ ও ১৭ জানুয়ারি উত্সব কমিটির সভায় বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল, পরে সেগুলো বদলে গেছে। লোকজ উত্সব নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হোক আমি তা চাই না। উত্সবের ব্যাপারে ২৫ জানুয়ারি আমাদের দলীয় সিদ্ধান্তও জানিয়ে দেব। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বলেন, উত্সব নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা করেননি। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাকে লোকজ উত্সবের সভায় দাওয়াতই দেওয়া হয়নি। ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সম্পাদক মুফতি মুজাহিদ উদ্দিন বলেন, ‘২৬ জানুয়ারি আমরা প্রতিবাদ সভা ডেকেছি। এখানে লোকজ উত্সব হতে দেওয়া হবে না।’ শান্তিকামী যুবসমাজের সভাপতি মাওলানা ফয়সল বলেন, ‘এ ধরনের উত্সব ঠেকাতে আমরা এরই মধ্যে মৌন মিছিল করেছি। আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’