ভেনটিলেটরে 'বুনো পায়রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা পরিষদের পুরোনো ভবনের নথি সংরক্ষণকক্ষের ভেনটিলেটরের ভেতরে বুনো পায়রার বাস ষ ছবি: এহসান-উদ্-দৌলা
যশোর জেলা পরিষদের পুরোনো ভবনের নথি সংরক্ষণকক্ষের ভেনটিলেটরের ভেতরে বুনো পায়রার বাস ষ ছবি: এহসান-উদ্-দৌলা

কালো ঠোঁটের ডগায় খড়কুটো আটকে ধরে একটি পায়রা ডানা ঝাপটে ভেনটিলেটরের মুখে গিয়ে বসল। ভেতরে থাকা আরেকটি পায়রা ব্যস্ত অগোছালো খড়কুটো গচ্ছিত করার কাজে। মুখে বসা পায়রাটি ঠোঁটের খড় রেখে আবার বেরিয়ে পড়ল খড়কুটোর সন্ধানে। এভাবেই অহর্নিশ চলতে থাকে ‘বুনো পায়রা’র ঘর গোছানোর সংগ্রাম।
যশোর জেলা পরিষদের শত বছরের পুরোনো ভবনের নথি সংরক্ষণকক্ষের (রেকর্ড রুম) ভেনটিলেটরের ভেতরে অসংখ্য বুনো পায়রার বাস। জেলা পরিষদ মিলনায়তনের (বিডি হল) ভান্ডার কক্ষ ও হলের ভেতরের তাপ নির্গমনের জন্য ফ্যান স্থাপনের (এগজস্ট ফ্যান) ফোকরেও পায়রার দল নিরাপদ আশ্রয় গেড়েছে। খুব প্রয়োজন ছাড়া নথি সংরক্ষণকক্ষ ও ভান্ডার কক্ষটি সাধারণত খোলা হয় না। ফলে মানুষের পক্ষ থেকে পায়রাগুলোর জন্য তেমন উৎপাত নেই। তা ছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা পায়রাগুলো সংরক্ষণেও বেশ আন্তরিক। যে কারণে এসব পায়রা প্রায় এক যুগ ধরে ওই ভবনে বসবাস করছে।
পায়রা সাধারণত জোড়া বেঁধে বাস করে। প্রতি জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী পায়রা থাকে। একটি পায়রা সাধারণত ১২ থেকে ১৫ বছর বাঁচে। যত দিন বেঁচে থাকে, তত দিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে।
মিলনায়তনের দেখভালের দায়িত্বে নিয়োজিত মাসুদ হাসান ব্যক্তিগত উদ্যোগে মাঝেমধ্যে পায়রাগুলোকে খাবার দেন। মাসুদ জানান, অন্তত ৮০টি পায়রা রয়েছে। এ পায়রা কারও পোষা নয়। প্রাকৃতিকভাবেই এখানে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, ১০-১২ বছর ধরে এখানে পায়রার আসা-যাওয়া রয়েছে।
চোখের সামনে পায়রা ওড়াউড়ি করে, যা দেখতে ভালোই লাগে—বললেন জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম। তিনি বলেন, মিলনায়তনের স্টোর রুমেও পায়রা থাকে। তাই ওই রুমটি এখন আর অন্য কোনো কাজে লাগানো হয় না। এমনকি পায়রার যাতে কোনো বিরক্তি না হয়, সে জন্য কক্ষটি মেরামত পর্যন্ত করা হচ্ছে না।

ঝাড়ুদার দুলাল চন্দ্র দাস জানান, প্রায় রাতে হুতোম প্যাঁচা পায়রার বাসায় হানা দেয়। রাত গভীর হলে দু-তিনটি প্যাঁচা আসে। পায়রাগুলো রাতে আক্রমণের ভয়ে থাকে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে জানান, এগুলো পাহাড়ি পায়রা। বছরে তিন থেকে চারবার ডিম দেয়। তবে তা পরিবেশ, খাবার ও নিরাপত্তার ওপরে অনেকটা নির্ভর করে। তিনি বলেন, প্রয়োজন হলে যশোরের এই পায়রাগুলোর নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হবে।