ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ  ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন তাঁর আইনজীবীরা। ছবি: হাসান রাজা
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন তাঁর আইনজীবীরা। ছবি: হাসান রাজা

প্রাণভিক্ষা চাইবেন কি না এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এ ব্যাপারে ভেবে দেখতে সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। 

আজ বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তাঁর আইনজীবী শিশির মনির ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তবে কত দিন সময়, এ ব্যাপারে কামারুজ্জামানের আইনজীবীরা সাংবাদিকদের নির্দিষ্ট করে কিছু জানাননি।
শিশির মনিরসহ পাঁচজন আইনজীবী আজ সকাল ১০টা ৫৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন। প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনার পর ১১টা ৪০ মিনিটে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন। 

সাংবাদিকদের শিশির মনির বলেন, কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমরা তাঁকে রিভিউ খারিজ করে যে রায় দেওয়া হয়েছে, তা পড়ে শুনিয়েছি। আমাদের কাছে আইনগত বিভিন্ন বিধিবিধান জানতে চেয়েছেন। আমরা তাঁর কাছে আইনগত দিকগুলো তুলে ধরেছি। 

কোন কোন বিধি-বিধান তুলে ধরা হয়েছে-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, আইনগত অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে। মহামান্য বিচারপতিরা যেসব আর্গুমেন্ট রিজেক্ট করেছেন, এসবের ব্যাপারে আমাদের যে অবস্থান, সেগুলো আমরা মূলত তাঁকে বলেছি। তিনি আমাদের বলেছেন, আইনগত যেসব পদক্ষেপ আছে, এ ব্যাপারে তিনি চিন্তাভাবনা করবেন। এরপর তিনি জেল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাবেন।

সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রায় কার্যকর করা যাবে না উল্লেখ করে শিশির মনির বলেন, ভাবনা-চিন্তার জন্য একদিন, দুদিন, তিন দিনও সময় নিতে পারবেন তিনি। যতক্ষণ পর্যন্ত না কামারুজ্জামান তাঁর সিদ্ধান্ত জানাবেন, ততক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর করা অনুচিত। আইনগতভাবেও এ রায় কার্যকর করা ঠিক হবে না।

ভেবে দেখতে কত দিন সময় চেয়েছেন কামারুজ্জামান-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, জেল কোড (কারাবিধি) অনুযায়ী রায় যেদিন হয়, এর পর থেকে আসামির সাত দিন পর্যন্ত সময় পাওয়ার কথা। গণমাধ্যমে এসেছে, তিনি ভেবে দেখার জন্য একদিন সময় চেয়েছেন। তবে এটা ঠিক নয়।

কামারুজ্জামানের ক্ষেত্রে কারাবিধি প্রযোজ্য হবে-এমন দাবি করেন তাঁর এই আইনজীবী। তিনি বলেন, মহামান্য বিচারপতিরা আবদুল কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে যে রায় দিয়েছিলেন সেখানে জেলকোড অ্যাপ্লিকেবল নয়, এমন কোনো কথা লেখা নেই।