ভেলাই তাদের ভরসা!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর জেলেপাড়ায় খলিসাডাঙ্গা নদীর ওপর সেতু না থাকায় আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলায় নদী পার হতে হচ্ছে। ব্যাহত হচ্ছে ওই এলাকার শিক্ষাব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য।
গত শনিবার কৃষ্ণপুর গ্রামের জেলেপাড়ায় গিয়ে কৃষ্ণপুর, রাজেন্দ্রপুর, দাসগ্রাম, দারিখিল ও জামাইদিঘা গ্রামের মানুষদের কলাগাছের ভেলায় চেপে খলিসাডাঙ্গা নদী পারাপার হতে দেখা যায়। এখানে সেতু না থাকায় লোকজনের পারাপারের একমাত্র ভরসা কলাগাছের ভেলা। এসব মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যাতায়াত সমস্যার কারণে ফড়িয়া ও ব্যবসায়ীরা এ এলাকায় আসেন না। এ অবস্থায় নিরুপায় হয়ে উৎপাদিত ফসল অল্প অল্প করে তারা ভেলায় তুলে বনপাড়া, কয়েন ও রাজাপুরের হাট-বাজারে নিয়ে যায়। স্থানীয় কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও নাটোর দত্তপাড়া মডেল কলেজের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এখানকার ছেলেমেয়েরা প্রতিদিন পড়ালেখার জন্য বনপাড়া ডিগ্রি কলেজ, ধানাইদহ মাদ্রাসা, পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়, দারিখৈর প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও আক্কাছ আলী কিন্ডারগার্টেনে যাতায়াত করে। ভেলায় চেপেই জীবনের ঝুঁকি নিয়েই এসব ছেলেমেয়ে চলাচল করে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। অনেক সময় বইপত্র নদে পড়ে ভিজে যায়। পরনের কাপড়চোপড়ও ময়লা হয়।
দাসগ্রামের আনোয়ারা বেগম বলেন, বাচ্চাদের নদী পারাপার নিয়ে আমরা অভিভাবকেরা খুবই দুশ্চিন্তায় থাকি। কখন তারা নিরাপদে বাড়ি ফিরবে, সেই অপেক্ষা করি।’ রাজেন্দ্রপুরের আবদুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে তাঁর ছেলে মাদ্রাসায় যাওয়ার পথে ভেলা থেকে পানিতে পড়ে যাওয়ায় জামাকাপড় ভিজে যায়। এতে ওই দিন ছেলেটির বিদ্যালয়ে চলা অর্ধবার্ষিকী পরীক্ষার এক বিষয়ের পরীক্ষাই সে দিতে পারেনি।
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোকাররম হোসেন বলেন, ‘জেলেপাড়ার লোকজনের পক্ষে এখানে নিজের খরচে বাঁশের সেতুও করা সম্ভব নয়। তাই এখানে সরকারি উদ্যোগে জরুরি ভিত্তিতে একটা সেতু করা উচিত।’
বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, নদীর ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয় অর্থ উপজেলা পরিষদের হাতে নেই। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কৃষ্ণপুর জেলেপাড়ার কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেতু নির্মাণের প্রস্তাব এলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।