ভেলাবাইচ নিয়ে উন্মাদনা
বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে গ্রামবাংলায় মাতামাতির শেষ নেই। কিন্তু ভেলাবাইচ নিয়ে মাতামাতির খবর খুব একটা পাওয়া যায় না। পাবনার বেড়া উপজেলায় ১০ দিনব্যাপী এমনই ব্যতিক্রমী এক ভেলাবাইচ প্রতিযোগিতা গতকাল শুক্রবার শেষ হয়েছে। ইছামতী নদীতে প্রতিযোগিতা দেখতে প্রতিদিন ভিড় জমিয়েছিল হাজারো মানুষ।বেড়া বালু ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ভেলাবাইচ প্রতিযোগিতা শুরু হয় ১২ সেপ্টেম্বর। গতকাল ছিল প্রতিযোগিতার চূড়ান্ত দিন। প্রতিযোগিতায় অংশ নেয় কমপক্ষে দেড় শ ভেলা। ভেলার নামগুলো ছিল বেশ বাহারি। কোনোটার নাম বাংলার বাঘ, কোনোটার নাম মায়ের দোয়া, নয়তো বাঘের থাবা, কুমির সম্রাট প্রভৃতি।ভেলাবাইচ উপলক্ষে ১০ দিন ধরে বেড়া ও সাঁথিয়া উপজেলার অন্তত ১৫টি গ্রামে দেখা দিয়েছিল ভিন্ন রকমের এক উন্মাদনা। প্রতিযোগিতার অন্তত ১৫ দিন আগে থেকেই কোনো কোনো দলকে ভেলা নিয়ে নদীতে চর্চা করতে দেখা গেছে। আবার কোনো কোনো দল নিজেদের ভেলাকে জেতানোর জন্য এলাকার লোকজকে নিয়ে বৈঠক করে পাকা মাঝি পর্যন্ত ভাড়া করে এনেছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কলাগাছের সংকট। প্রতিটি প্রতিযোগিতার দিনে অংশগ্রহণকারীদের তাজা কলাগাছ সংগ্রহ করে ভেলা বানাতে হয়েছে। প্রথম অবস্থায় নিজেদের গ্রামে কলাগাছ মিললেও শেষ পর্যায়ে এসে কলাগাছের চরম সংকট দেখা দেয়। সংকট মেটাতে অংশগ্রহণকারীরা দূর-দূরান্ত থেকে কলাগাছ কিনে আনেন। প্রতিটি কলাগাছের দাম পড়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বাড়তি হিসাবে পরিবহন খরচ তো ছিলই। গতকাল সকালে ইছামতীর পাড়ে দেখা যায় ভ্যান, নছিমন-করিমনে করে একের পর এক কলাগাছ আসছে। আর সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে ভেলা। বৃশালিখা গ্রামের সোহেল রানা ও রবিউলসহ কয়েকজন যুবক করিমনে করে তিনটি কলাগাছ এনে ভেলা তৈরি করছিলেন। ‘কুমির সম্রাট’ ভেলার অন্যতম সদস্য শহীদুল ইসলাম বলেন, ‘প্রথমে শুধুই মজা করার জন্য আমরা ভেলাবাইচে অংশ নিয়েছিলাম। কিন্তু কয়েক পর্বে বিজয়ী হওয়ায় এখন বিষয়টি শুধু মজার পর্যায়ে নেই। এটি এখন এলাকার মান-সমঞ্চানের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ গতকাল ভেলাবাইচের ফাইনাল দেখতে ইছামতীপাড়ে জড়ো হয় কয়েক হাজার নারী-পুরুষ। কলেজশিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বাচ্চাদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমী এই প্রতিযোগিতাটি দেখে কয়েকটা দিন খুব আনন্দে কেটেছে।’ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন।